আজকাল ওয়েবডেস্ক:  নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন সংলগ্ন একটি আবাসনে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী। এমনটাই অভিযোগ উঠেছে। রবিবার সকালে আবাসনের দ্বিতীয় তলের ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয়। ঘটনার সময় পাশের ঘরেই ঘুমিয়ে ছিল দম্পতির ৮ বছরের অসুস্থ ছেলে।  


পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম এনাক্ষী দাস। স্বামী সৌমিক দাস পেশায় অধ্যাপক। প্রায় চার বছর আগে সন্তানকে নিয়ে এই আবাসনে ওঠেন তাঁরা। প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা কম ছিল।  
কাজের মহিলা রিঙ্কু অধিকারী জানান, শনিবার রাত ৮টা নাগাদ ফোনে না পেয়ে রবিবার সকালে ফ্ল্যাটে আসেন তিনি। বারবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে উপরে ওঠেন। দরজায় হাত দিতেই খুলে যায়। ভেতরে ঢুকে দেখেন, এক ঘরে ঘুমিয়ে আছে ছেলে, অন্য ঘরে মশারি টাঙানো বিছানায় পড়ে এনাক্ষীর নিথর দেহ। সৌমিক দাসের খোঁজ মেলেনি।  


এরপর আবাসনের বাসিন্দারাই খবর দেন নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

&t=21s  
পুলিশ জানিয়েছে, কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর স্পষ্ট হবে। ইতিমধ্যেই পলাতক স্বামী সৌমিক দাসের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কিছু দূরেই থাকেন মৃতার বাবা-মা, তাঁদেরও খবর দেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।