দীক্ষা ভুঁইয়া: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের জন্য কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে আর্থিক সহায়তা চেয়ে প্রস্তাব পাঠাল রাজ্য সরকার।
রাজ্যের পর্যটন দফতরের সচিব ড. সৌমিত্র মোহনের তরফ থেকে যে চিঠি পাঠিয়েছিলেন, তাতে বলা হয়েছে কলকাতার নিকটবর্তী নিউ টাউনে প্রস্তাবিত এই মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, ড. মুখোপাধ্যায়ের জন্মস্থান কলকাতা হওয়ায় তাঁর স্মৃতিকে যথাযথ মর্যাদা দিতেই এই উদ্যোগ নিতে চায় রাজ্য সরকার।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, প্রকল্পের সম্ভাব্য ব্যয় প্রায় ২১৫ কোটি। এর মধ্যে রয়েছে—
ভূমি উন্নয়ন, প্রবেশপথ, হাঁটার রাস্তা ও সৌন্দর্যায়ন।
মূর্তি ও সংশ্লিষ্ট পরিকাঠামো নির্মাণ।
প্রদর্শনী গ্যালারি, জাদুঘর, থিয়েটার, খাদ্য ও কেনাকাটার পরিকাঠামো।
পার্কিং, নিরাপত্তা ও অন্যান্য দর্শনার্থী সুবিধা।
রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করবে।
আন্তর্জাতিকভাবে আকর্ষণীয় করার জন্যই প্রকল্পটিকে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মাধ্যমে আর্থিক সহায়তার আওতায় আনার আবেদন জানানো হয়েছে।
















