তীর্থঙ্কর দাস: গরমের আগেই জল যন্ত্রণা। সময়মতো জল আসছে না। যেটুকু জল আসছে তাও ধীর গতিতে। এমনটাই অভিযোগ উত্তর কলকাতার বউবাজার অঞ্চলের ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বিগত ৬–৭ বছর ধরে একই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বাসিন্দাদের দাবি, প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন সাময়িক কাজ করে। স্বস্তি মেলে কিছুদিন এবং তারপর আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন ৪৮ নম্বর ওয়ার্ডের বাবুরাম শীল লেনের বাসিন্দারা। এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে পুর প্রতিনিধি বিশ্বরূপ দে জানান, এই বিষয় তিনি ইতিমধ্যেই পুরসভার শীতকালীন অধিবেশনে তুলেছেন। মেয়র ফিরহাদ হাকিম আগামী গ্রীষ্মের আগে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশ্বরূপ দে’র মতে, বউবাজার অঞ্চলে যে পাইপ লাইনগুলি রয়েছে তা পুরনো এবং সরু। সেই কারণেই জলের গতি কমে যাচ্ছে। পাইপ লাইনের ভেতরে ফাটল ধরা দিতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। বউবাজার অঞ্চলে বুস্টিং পাম্পিং স্টেশন হওয়ার কথা রয়েছে এবং সেটি হলে ৪৮, ৪৯, ৫০ এবং ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বলে দাবি পুর প্রতিনিধির।
WATER PROBLEM : জল যন্ত্রণার শিকার উত্তর কলকাতার বউবাজার অঞ্চল
