আজকাল ওয়েবডেস্ক: রাতের শহরে গঙ্গাবক্ষে মর্মান্তিক ঘটনা। মাঝনদীতে নোঙর করা একটি কন্টেনার জাহাজ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল শ্রীলঙ্কার এক নাবিকের। বৃহস্পতিবার গভীর রাতে নং ৭ এন.এস. ডকের সংলগ্ন জলসীমায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী দল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা ২৬ মিনিটে ওয়েস্ট পোর্ট পুলিশ স্টেশনে পোর্ট ট্রাফিক দপ্তরের তরফ থেকে খবর দেওয়া হয় যে, একটি কন্টেনার জাহাজের এক ক্রু সদস্য জলে ঝাঁপ দিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

তদন্তে জানা যায়, ‘KOTA DUNIA’ নামের কন্টেনার জাহাজটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম হয়ে কলকাতায় আসছিল। জাহাজটি তখনও মাঝনদীতে অবস্থান করছিল এবং জেটিতে ভিড়েনি। রাত প্রায় ১১টা নাগাদ জাহাজের এক ক্রু সদস্য, শ্রীলঙ্কার নাগরিক হঠাৎ করেই জাহাজ থেকে জলে ঝাঁপ দেন।

পুলিশ সূত্রে খবর, সহকর্মীদের সামনেই এই ঘটনাটি ঘটে। তৎক্ষণাৎ সতর্ক করে দেওয়া হয় সকলকে এবং জাহাজের ক্যাপ্টেনকে বিষয়টি জানান। ক্যাপ্টেন দ্রুত পোর্ট ট্র্যাফিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জরুরি সহায়তা চান। এরপর Port Marine Department-এর দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছে আশপাশের জলসীমায় তল্লাশি অভিযান শুরু করে।

&t=1s

খবর পেয়ে লালবাজার কন্ট্রোলের মাধ্যমে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের (Disaster Management Group) (ডিএমজি) ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের ডুবুরিরাও জলে নেমে তল্লাশি চালান। দীর্ঘক্ষণ চেষ্টার পর অবশেষে নিখোঁজ নাবিকের মৃত দেহ উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনায় West Port Police Station-এ একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনাজনিত, সেটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর ।