আজকাল ওয়েবডেস্ক: কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে ঘনীভূত হল রহস্য। হর্ষ চৌধুরী নামে ১৯ বছরের ওই কিশোরের দেহ পাওয়া গেল একটি জিম-এর সামনে। যে জিমে সে ব্যায়াম করতে যেত। মৃতের বাড়ি নাকতলায় নেতাজি নগর হাইস্কুলের বিপরীতে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সাতটা ১৫ মিনিট নাগাদ হর্ষ বাড়ি থেকে জিমের উদ্দেশ্যে রওনা হয়। তার মা অঞ্জনা চৌধুরীও মর্নিং ওয়াকের জন্য বাড়ি থেকে বের হন। হর্ষ যে জিমে ব্যায়াম করতে যেত সেই জিমটি নেতাজি সুভাষচন্দ্র বসু রোডের ওপর। ছেলে যে রাস্তা দিয়ে জিমের দিকে রওনা দিয়েছে সেই রাস্তাতেই মা হাঁটতে থাকেন। ১৫ মিনিট পর সকাল সাড়ে সাতটা নাগাদ তিনি যখন জিমের সামনে পৌঁছন তখন দেখেন হর্ষ অচেতনভাবে জিমের সামনে পড়ে আছে। 

ছেলেকে ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত অঞ্জনাদেবী স্থানীয় কয়েকজন বাসিন্দা ও জিমের কয়েকজনের সহায়তায় তাকে স্থানীয় কুমার সার্জিক্যাল নামে একটি নার্সিং হোম-এ নিয়ে যান। নার্সিং হোমের তরফে পরামর্শ দেওয়া হয় হর্ষকে এমআর বাঙ্গুরে নিয়ে যেতে। সেইমতো তাকে এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হর্ষকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের তরফে নেতাজি নগর থানায় জানানো হয়। 

থানা থেকে পুলিশ আধিকারিক হাসপাতালে গিয়ে জানতে পারেন হর্ষর পা, হাত এবং কপালে ক্ষতের চিহ্ন রয়েছে। তদন্তের জন্য তিনি যে জিমের সামনে হর্ষর দেহ পড়ে ছিল সেই ঘটনাস্থলে যান। কথা বলেন আশেপাশের লোকজনের সঙ্গে। কেন এবং কী কারণে এই কিশোরের মৃত্যু তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ।