আজকাল ওয়েবডেস্ক: দমদম কাণ্ডের ছায়া বেহালায়, স্ত্রীকে খুন স্বামীর, নিজেই ডাকলেন পুলিশকে। বেহালার রাজা রামমোহন রায় রোডের ঘটনা। কী ঘটেছিল? সূত্রের খবর, বছর ৪২-এর কার্তিক দাস শ্বাসরোধ করে নিজের স্ত্রীকে খুন করেন। বুধবার রাত ১ টা নাগাদ ঘটনাটি ঘটে বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্তপল্লিতে। খুন করার পর নিজেই ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত স্বামী। গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই ঘটনার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে অই মহিলার নাম সমাপ্তি দাস। তাঁদের একটি পুত্র এবং কন্যা রয়েছে বলেও জানা গিয়েছে।