আজকাল ওয়েবডেস্ক: কলকাতা মেট্রোর উন্নয়নে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ৬০টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তাঁর দাবি, এই ট্রেনগুলি ধাপে ধাপে কলকাতা মেট্রো সঙ্গে যুক্ত হবে। এর ফলে, শহরের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসারও বার্তা দেন তিনি। শনিবার কলকাতায় পৌঁছে নোয়াপাড়া-বিমানবন্দর শাখায় মেট্রো পরিদর্শন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
তিনি বলেন, ‘কলকাতা মেট্রোর উন্নয়নের জন্য আমরা ৬০টি নিউ প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনা করছি। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এই ট্রেনগুলি পরিষেবার সঙ্গে যুক্ত হবে। এর ফলে কলকাতা মেট্রো একাধিক নিউ জেনারেশন ট্রেন পাবে।’
রেলমন্ত্রী আরও জানান, চিংড়িঘাটা-সহ একাধিক মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে কলকাতা শহরের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।
তাঁর কথায়, ‘কলকাতার মধ্যে যাতায়াত আরও সহজ ও দ্রুত করতে একাধিক প্রকল্পের কাজ চলছে। চিংড়িঘাটা এবং অন্যান্য অংশে প্রকল্পগুলির কাজ যত এগোবে, শহরের মোবিলিটি ততই বৃদ্ধি পাবে।’
তিনি আরও বলেন, 'রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে । ১ লাখ কোটি টাকার কাজ হবে। আমাদের জমি যে লাগবে তা জেলাশাসকদের বলব। রেলওয়েকে পুরো বাংলায় পৌঁছে দেওয়ার জন্য জমি দেওয়া হবে। ৬১ প্রজেক্ট আছে। রেলওয়ে বোর্ড উপকৃত হবে। ৫৩৮টি ফ্লাইওভার ও আন্ডারপাস হবে। রেল মানচিত্রে জুড়বে রাজ্যের একাধিক এলাকা।'















