আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার কলকাতার রেড রোডে দুর্গাপুজোর মেগা কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, এই বছর উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট অতিথিরা। আন্দাজ করা হচ্ছে, প্রচুর জনসমাগম হতে পারে এদিন রেড রোডে। আর ভিড়ের কথা মাথায় রেখে এদিন বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করল কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, কার্নিভালের শেষে যাতে সাধারণ মানুষের বাড়ি ফিরতে কোনও অসুবিধা না হয় সে কারণে ব্লু লাইন মেট্রোর দুদিক দিয়েই বাড়তি ট্রেন চালানো হবে। মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। আবার, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা নাগাদ।
একই ভাবে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ১০টা ৪০ মিনিটে। এদিন রাস্তায় রাত পর্যন্ত মানুষজন থাকতে পারেন আন্দাজ করে প্রায় মাঝরাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমজনতার যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে প্রায় সবকটি গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস চালানো হবে পরিবহণ নিগমের তরফে। পাশাপাশি, গভীর রাত পর্যন্ত ট্যাক্সি, অ্যাপ ক্যাব চলবে বলেও জানা গিয়েছে।
















