আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মহিলাদের পদযাত্রা ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ছোঁড়ে। পদযাত্রায় অংশগ্রহণকারী অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাহরাং বেলুচও গ্রেপ্তার হয়েছেন। বেলুচিস্তানে পুরুষদের জোরপূর্বক গুমের শিকার হওয়া নিয়ে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে। সম্প্রতি এক বেলুচ পুরুষের মৃত্যুর পর ক্ষোভ বাড়তে থাকে। অভিযোগ, ওই পুরুষ পুলিশ হেফাজতে থাকার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মহিলাদের বিক্ষোভ মিছিলে ইসলামাবাদ পুলিশ হামলা চালায় বলে এক্সে জানান মাহরাং বেলুচ।  বিক্ষোভকারীদের রেড জোনে প্রবেশ করতে দেয়নি পুলিশ। ইসলামাবাদে রেড জোনে নির্বাহী, বিচার বিভাগের ভবন রয়েছে। পুলিশের হাতে ছিল লাঠি, মাথায় ছিল হেলমেট। একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়িতে জড়ো করা বিক্ষোভকারীদের হট্টগোল চলছে। অনেককে চিৎকার করতে দেখা গেছে। কাউকে কাউকে মাটিতে পড়ে থাকার পাশাপাশি আহত হতে দেখা যায়। গুমের শিকার ব্যক্তিদের আদালতে নেওয়া হয় না, সরকারকেও অবহিত করা হয় না। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন- রাজনৈতিক কর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরা।