গরম বাড়তেই রাতভর এসি চালানো এখন অনেক বাড়িতেই সাধারণ অভ্যাস। কিন্তু এসি যত বেশি সময় চলে, ততই বাড়তে থাকে বিদ্যুতের বিল।
2
12
অনেকেই ভাবেন, আরাম করে ঘুমোতে গেলে বেশি খরচ হবেই। তবে খুব সহজ একটি ফিচার ব্যবহার করলেই এই খরচ অনেকটাই কমানো সম্ভব। সেই ফিচারের নাম ‘স্লিপ মোড’।
3
12
বর্তমানে প্রায় সব আধুনিক এসিতেই এই অপশন থাকে। কিন্তু অনেকেই জানেন না, এটি ঠিক কীভাবে কাজ করে বা কেন ব্যবহার করা উচিত।
4
12
বিশেষজ্ঞদের মতে, স্লিপ মোড শুধু বিদ্যুৎ বাঁচায় না, একইসঙ্গে রাতে আরও আরামদায়ক ঘুম হতেও সাহায্য করে।
5
12
কী এই স্লিপ মোড? রাতে ঘুমানোর সময় আমাদের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। তাই শুরুতে যে ঠান্ডা আরামদায়ক লাগে, গভীর রাতে সেটাই অনেক সময় বেশি ঠান্ডা মনে হয়। ফলে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে যাওয়া বা গলা খুসখুস করার মতো সমস্যা হতে পারে।
6
12
স্লিপ মোড চালু করলে এসি এই পরিবর্তনটা বুঝে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা বাড়াতে শুরু করে। সাধারণভাবে প্রতি ঘণ্টায় ১ ডিগ্রি করে তাপমাত্রা বাড়ে। ফলে ঘর খুব বেশি ঠান্ডা হয়ে যায় না এবং শরীরও আরামে থাকে।
7
12
কীভাবে বিদ্যুৎ বাঁচায়? এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে যখন কম্প্রেসরকে বারবার জোরে কাজ করতে হয়। কিন্তু স্লিপ মোডে তাপমাত্রা একটু বাড়িয়ে দেওয়া হয় বলে কম্প্রেসরকে কম পরিশ্রম করতে হয়। এর ফলে বিদ্যুতের ব্যবহার কমে যায়।
8
12
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্লিপ মোড ব্যবহার করলে মাসের শেষে বিদ্যুতের বিলে ভালই পার্থক্য দেখা যেতে পারে। বিশেষ করে যারা প্রতিদিন রাতভর এসি চালান, তাঁদের জন্য এই ফিচার খুবই উপকারী।শরীরের জন্যও ভাল।
9
12
অনেকেই সারারাত ১৮ বা ২০ ডিগ্রিতে এসি চালিয়ে ঘুমোন। এতে শরীর অতিরিক্ত ঠান্ডা হয়ে যেতে পারে। সকালে উঠে মাথাব্যথা, শরীর ব্যথা বা ক্লান্ত লাগার মতো সমস্যাও দেখা দেয়। স্লিপ মোড এই ঝুঁকি কমাতে সাহায্য করে।
10
12
চিকিৎসকদের মতে, ঘুমের জন্য ২৪ থেকে ২৬ ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে আরামদায়ক এবং স্বাস্থ্যকর। স্লিপ মোড সেই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এসির আয়ুও বাড়তে পারে।
11
12
একটানা একই তাপমাত্রায় এসি চালালে যন্ত্রের উপর বেশি চাপ পড়ে। কিন্তু স্লিপ মোডে ধীরে ধীরে কাজের চাপ কমে যায়। এতে এসির কম্প্রেসরও দীর্ঘদিন ভাল থাকতে পারে।
12
12
তাই শুধু ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য নয়, বিদ্যুৎ বাঁচানো, ভাল ঘুম এবং এসির যত্ন-সব দিক থেকেই স্লিপ মোড একটি খুব দরকারি ফিচার। আজ থেকেই রাতে ঘুমানোর আগে রিমোটের ছোট্ট ‘স্লিপ’ বাটনটি ব্যবহার করে দেখতে পারেন।