আজকাল ওয়েবডেস্ক: কয়েক সপ্তাহের উত্তেজনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সমর্থন করেছেন। ইরান বিশ্বের প্রায় ২০% তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথের ইঙ্গিত দিয়েছে। কাগজে-কলমে এটিকে একটি যুগান্তকারী মুহূর্ত বলে মনে হতে পারে। বাস্তবে, বিশ্ব এবং ভারতের জন্য পরিস্থিতি আরও অনেক বেশি জটিল। হরমুজ প্রণালী পুনরায় খুলে গেলেও ভারতের তাৎক্ষণিক স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।

আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে সংঘাতের জবাবে ইরান শুধু নৌপথ ব্যাহত করেই ক্ষান্ত থাকেনি, তারা এই অঞ্চলের তেল ও গ্যাস পরিকাঠামোতেও আঘাত হেনেছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগার এবং পাইপলাইন মেরামত করতে কয়েক মাস সময় লাগতে পারে। যার ফলে বিশ্ব বাজারে জ্বালানির সরবরাহ সীমিত হয়ে যাবে।

যুদ্ধবিরতির একদিনের মধ্যেই হরমুজ প্রণালীতে ফের বিঘ্ন ঘটেছে। ইরানের প্রতিশ্রুতি অনুযায়ী, এটি পুনরায় চালু এবং কার্যকর থাকলেও, এর অর্থ এই নয় যে নৌপরিবহণ সঙ্গে সঙ্গে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে। ট্যাঙ্কারগুলি নিরাপদে চলাচল করতে পারলেও, নৌপরিবহণের পরিমাণ সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরবে না। বন্দরে যানজট, জাহাজের পথ পরিবর্তন এবং সরবরাহ সংক্রান্ত জটিলতা সব প্রক্রিয়ার গতি করে কমিয়ে দেবে। এছাড়াও, বিশ্বব্যাপী ঘাটতির প্রভাব এখনও রয়েছে। পাকিস্তান, ফিলিপিন্স এবং থাইল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই তীব্র জ্বালানি সঙ্কটের সম্মুখীন হয়েছে।

ভারত তার প্রয়োজনের ৮০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল আমদানি করে। তেলের সরবরাহ অবাধ হলেও, ডিজেল এবং জেট ফুয়েলের মতো পরিশোধিত জ্বালানি, যা ইতিমধ্যেই ব্যারেল প্রতি ২০০ ডলারের বেশি রেকর্ড দামে লেনদেন হচ্ছে। সেগুলির দাম স্থিতিশীল হতে আরও বেশি সময় লাগবে।

ভারত আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নব্বইয়ের দশকে, ইরাকের কুয়েত আক্রমণের পর উপসাগরীয় যুদ্ধ বিশ্বব্যাপী তেলের বাজারে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল, যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। তেলের দাম আকাশছোঁয়া হয়েছিল এবং ভারতের মতো তেলনির্ভর একটি দেশের জন্য এর প্রভাব ছিল মারাত্মক। 

২০২৬ সালের দিকে তাকালে দেখা যায়, ভারত তখনও আমদানিকৃত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও এখন অবস্থান অনেক বেশি শক্তিশালী। অর্থনীতি এখন আরও বড় ও বৈচিত্র্যময় এবং মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম আফ্রিকার দেশসমূহ, লাতিন আমেরিকা ও রাশিয়া-সহ ৩৫-৪০টি দেশে জ্বালানি আমদানি করে।

এ কারণেই, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলে সাহায্য হবে, কিন্তু তা তাৎক্ষণিক স্বস্তি আনবে না। ভারতের ক্ষেত্রে জ্বালানির সরবরাহ ও দাম রাতারাতি স্থিতিশীল নয়, বরং কয়েক সপ্তাহ বা মাস ধরে ধীরে ধীরে হওয়ার সম্ভাবনা রয়েছে।