আজকাল ওয়েবডেস্ক: ইথিওপিয়ায় ইবোলা-সম্পর্কিত একটি ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রাথমিক পর্যবেক্ষণে ভাইরাসটির বৈশিষ্ট্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত ব্যাপক সংক্রমণের প্রমাণ মেলেনি, তবুও পরিস্থিতি হেলাফেলা করার মত নয়। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে তীব্র জ্বর, বমি, ডায়রিয়া, ব্যথা এবং কিছু ক্ষেত্রে রক্তক্ষরণের লক্ষণ দেখা গেছে। এটি ইবোলা ভাইরাসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতিমধ্যেই সন্দেহভাজন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নজরদারিতে রাখা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, ইবোলা-সম্পর্কিত ভাইরাসগুলো সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় এবং পরবর্তীতে মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এর আগে এমন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ইথিওপিয়ার বর্তমান পরিস্থিতিতেও সেই অভিজ্ঞতা থেকেই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


ইথিওপিয়ার সরকার বিষয়টি নিয়ে সতর্কতা নিয়েছে। দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাড়ানোর কাজে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভাইরাসটি অন্য দেশে ছড়িয়ে না পড়ে।


ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আতঙ্কিত না হয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। হাত ধোয়া, অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মজুত করা হয়েছে। 


বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ও স্বচ্ছ তথ্য আদান-প্রদান এবং সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপই এই ধরনের ভাইরাস মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। যদিও গোটা বিষয়ের ওপর নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবিষয়ে যদি দরকার পড়ে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমনিতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরণের নতুন ভাইরাসের খবর মিলেছে। সেখানে বিবর্তনের ধারা অনুসরণ করছে এই ধরণের ভাইরাসরা। যেভাবে পৃথিবীর পরিবেশ বদল যাচ্ছে সেইমতো নিজেদের আপডেট করেছে এই নতুন ধরণের ভাইরাসরা। তবে প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা মনে করছে প্রথম থেকেই যদি সকলকে সতর্ক করা যায় তাহলে দ্রুত রোখা যেতে পারে এই ধরণের ভাইরাসকে।