আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা থেকে অভিবাসীদের তাড়াতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প। তার মধ্যেই ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক সিনেটর অ্যালেক্স প্যাডিলা অভিবাসন সংক্রান্ত একটি নয়া বিল উত্থাপন করেছেন। যা আইনে পরিণত হলে, ভারত থেকে এইচ-১বি ভিসা নিয়ে দীর্ঘকাল ধরে আমেরিকায় থাকা লক্ষ লক্ষ মানুষের সেদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেবে। এছাড়াও, যেসব অভিবাসী অন্তত সাত বছর ধরে একটানা আমেরিকায় বসবাস করছেন, তারা গ্রিন কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন।
ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যালেক্স প্যাডিলার দাবি, তাঁর প্রস্তাব অভিবাসন সংক্রান্ত এমন একটি বিধানকে আধুনিক করবে যা ১৯৮৬ সালের পর থেকে আর বদলায়নি। এই প্রস্তাব আইনে পরিণত হলে ৮০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন।
নিজের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্যাডিলা বলেন, "এক বছর আগে, কঠোর পরিশ্রমী অভিবাসীদের প্রতি ট্রাম্প প্রশাসনের নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যেই আমি এই বিলটি উত্থাপন করেছিলাম। এরপর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভয় ধরানোর কাজ কেবল বেড়েই চলেছে। ফলে এ দেশে নিজেদের জীবন গড়ে তোলা সত্ত্বেও পরিবারগুলো এখন প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমাদের অর্থনীতি ও সমাজে প্রতিদিন দীর্ঘকাল ধরে যাঁদের অবদান রয়েছে, সেইসব বাসিন্দাদের কথা কংগ্রেস আর উপেক্ষা করতে পারে না। আমাদের অভিবাসন আইনগুলোকে আধুনিক করার এবং বৈধভাবে স্থায়ী বসবাসের জন্য একটি ন্যায্য পথ তৈরির সময় অনেক আগেই পেরিয়ে গিয়েছে।"
তবে বর্তমানে এই বিলটি পাশ হওয়া এক 'সোনার পাথর-বাটি' বলেই মনে হচ্ছে। কারণ, রিপাবলিকানদের অবস্থান এর ঠিক বিপরীত।
আইনটি সম্পর্কে
যারা অন্তত সাত বছর ধরে আমেরিকায় বসবাস করছেন, '১৯২৯ সালের অভিবাসন আইনের অভিবাসন সংক্রান্ত বিধানগুলোর নবায়ন' শীর্ষক এই বিলটি এমন অভিবাসীদের বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদার জন্য আবেদন করার সুযোগ দেবে। তবে আবেদনকারীদের কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং গ্রিন কার্ড পাওয়ার জন্য অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে।
এই পদক্ষেপের আওতায় 'ডিমারস' (শৈশবে আমেরিকায় আসা অনথিভুক্ত অভিবাসী), 'টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস' বা সাময়িক সুরক্ষা মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সেবায় নিয়োজিত কর্মী এবং দীর্ঘমেয়াদী ভিসা-ধারীদের সন্তানরা অন্তর্ভুক্ত হবে। এছাড়া এটি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের (যার মধ্যে এইচ-১বি ভিসা-ধারীরাও রয়েছেন এবং যারা কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন) সহায়তা করতে পারে।
ভারতীয়দের জন্য ভাল
ভারতীয় পেশাজীবীদের জন্য এই প্রস্তাবটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, এইচ-১বি ভিসা-ধারীদের একটি বড় অংশই ভারতীয় এবং কর্মসংস্থান-ভিত্তিক গ্রিন কার্ডের কোটা বা সীমাবদ্ধতার কারণে তাঁদের প্রায়শই স্থায়ী বসবাসের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
এই বিলটি 'ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট'-এর ২৪৯ নম্বর ধারা (যা 'রেজিস্ট্রি' নামে পরিচিত) তাতে সংশোধনী আনবে। এই বিধানটি হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে এমন কিছু ব্যক্তিকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার এখতিয়ার দেয়, যারা একটি নির্দিষ্ট তারিখ থেকে এ দেশে বসবাস করছেন এবং অন্যান্য শর্ত পূরণ করেন।
বর্তমানে যোগ্যতার জন্য নির্ধারিত তারিখটি হল ১৯৭২ সালের ১লা জানুয়ারি। প্যাডিলার প্রস্তাবিত আইনটি সেই নির্দিষ্ট তারিখের পরিবর্তে সাত বছর বসবাসের একটি পরিবর্তনশীল শর্ত চালু করবে। আইনটি পাস হওয়ার ৬০ দিন পর এই পরিবর্তন কার্যকর হবে।
সিনেটের ডেমোক্রেটিক হুইপ ডিক ডারবিন এই উদ্যোগটির সহ-নেতৃত্ব দিচ্ছেন। আরও চৌদ্দজন সিনেটর এতে সহ-প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সদস্য ক্যালিফোর্নিয়ার জো লফগ্রেন সেখানে এই আইনের সমান্তরাল বিলটির নেতৃত্ব দিচ্ছেন।
















