আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে ৭২ ঘণ্টা কাজ করা উচিত কর্মীদের। একসময় এমনই বার্তা শোনা গিয়েছিল দেশের বহুজাতিক সংস্থার ইনফোসিস কর্তার নারায়ণমূর্তির মুখে। সংস্থার কর্মচারীদের কাজের সময় নথিবদ্ধ করার নিয়মে অসঙ্গতি থাকায় ইনফোসিস সংস্থাকে এ বার জরিমানা করল ফ্রান্স। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ফ্রান্সের শ্রম কর্তৃপক্ষ সংস্থাকে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা অর্থ জরিমানা করেছে। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ আইটি সংস্থা ইনফোসিসকে জানানো হয়েছে ফ্রান্সের দপ্তরের তরফে।

ফ্রান্সের আঞ্চলিক শ্রম, কর্মসংস্থান এবং সামাজিক সংহতি কর্তৃপক্ষ, DRIEETS Île-de-France এই জরিমানা ধার্য করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২৪ জুলাই তারা এই জরিমানার বিষয়ে দাপ্তরিক নির্দেশিকার কপি হাতে পেয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ তদন্তে করে দেখেছে, ইনফোসিসের কর্মচারীদের কাজের সময় রেকর্ড করার সিস্টেমে বেশ কিছু ঘাটতি রয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু কর্মচারীদের ক্ষেত্রে এই সিস্টেমের নির্ভরযোগ্যতা, অডিট করার ক্ষমতা এবং কাজের ওপর নজরদারির ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও ধরা পড়েছে।

তবে এই জরিমানার বিষয় নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় সংস্থাটি। ইনফোসিস-এর তরফে জানানো হয়েছে, এই আর্থিক জরিমানার ফলে তাদের আর্থিক পরিস্থিতি, দৈনন্দিন কাজকর্ম বা অন্য কার্যক্রমে কোনও বড় প্রভাব পড়বে না। এছাড়া, নোটিশ হাতে পাওয়ার পর সেটির সত্যতা যাচাই করা হবে। সেই মতো পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। সে কারণেই এ সংক্রান্ত তথ্য প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে বলে জানানো হয়েছে।