সম্পর্ক নিয়ে আধুনিকতার জোয়ার এখন বাংলাদেশেও। ওপার বাংলার ইতিহাসে এই প্রথম সমকামী বিয়ে হল। তা-ও আবার প্রকাশ্যে! বাংলাদেশের ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে সম্পন্ন হয়েছে এই সমকামী বিবাহ। দেবীকে সাক্ষী রেখেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই প্রেমিক যুগল।
জন্মসূত্রে পুরুষ হলেও পরবর্তীতে নারী হিসেবে আত্মপ্রকাশ করথেন তাসনুভা আনান শিশির। ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে তাঁর প্রেমিকের সঙ্গে হিন্দু মতে একেবারে সনাতন ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের এই অনুষ্ঠানের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে শিশিরকে শাঁখা-পলা পরতে দেখা গিয়েছে। আবার সিঁথিতে সিঁদুর দিয়ে একেবারে নতুন বউয়ের লুকেও সামনে এসেছেন তিনি।

এর আগে ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে সঞ্চালনা করে বাংলাদেশের প্রথম সমকামী সংবাদপাঠক হিসেবে ইতিহাস গড়েছিলেন শিশির। বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে নানা সামাজিক চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ার পর তিনি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে সম্প্রতি ঐতিহ্যবাহী সনাতন রীতিতে সম্পন্ন হওয়া তাঁর এই বিয়ে দেশের গণ্ডি পেরিয়ে এক নতুন ও যুগান্তকারী অধ্যায়ের সূচনা করল।
এর আগেও বহু সমকামী বিয়ের সাক্ষী হয়েছে বিভিন্ন দেশ। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এটাই প্রথম নিদর্শন। তিনি যে সাহস করে নিজের সত্তা প্রকাশ্যে এনেছেন এবং জীবনসঙ্গীকে বিয়ে করেছেন, এই বিষয়টা নিয়ে বেশ চর্চা চলছে সমাজমাধ্যমে। নেটিজেনদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসছে বাংলাদেশের প্রথম এই সমকামী বিয়ে নিয়ে।
















