আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে  এক ১৬ বছর বয়সী ছাত্রের সাথে যৌন সম্পর্কের অভিযোগে এক স্কুল শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রের লিনকন কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী ওই শিক্ষিকার নাম মেডেলিন গ্রেগরি, যিনি মেডেলিন স্কুন নামেও পরিচিত। সোমবার বিকেলে স্কুলের ছুটি হওয়ার পরপরই তাকে স্কুল প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

বিবাহিত ওই শিক্ষিকার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের সাথে যৌন অসদাচরণ এবং অনৈতিক উদ্দেশ্যে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য স্পোকসম্যান’-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ওই শিক্ষিকা এবং ছাত্র উভয়েই তাদের মধ্যে গড়ে ওঠা এই সম্পর্কের কথা স্বীকার করেছেন। তদন্তকারীদের তারা জানান, স্কুলের শ্রেণিকক্ষ ছাড়াও ক্যাম্পাসের ভেতর বিভিন্ন জায়গায়, এমনকি জিমনেসিয়ামের একটি স্টোররুম এবং টেনিস কোর্টের পেছনের ঝোপঝাড়ের আড়ালেও তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।

আদালতের নথিপত্র থেকে জানা গেছে, ঘটনার বেশ কিছু অকাট্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্কুলের ছুটির পর ওই ছাত্রকে নিয়ে মেডেলিন নিজের শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে তারা ভেতরে ছিলেন। এছাড়া অন্য একটি সিসিটিভি ফুটেজে তাদের একটি ওয়ালমার্ট সুপারশপের সামনে দেখা যায়, যেখান থেকে তারা শিক্ষিকার গাড়িতে চড়ে রওনা হন এবং কয়েক ঘণ্টা পর আবার ফিরে আসেন।

পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন ওই ছাত্রের মা তার ছেলের ফোনে শিক্ষিকার পাঠানো কিছু আপত্তিকর টেক্সট মেসেজ দেখতে পান এবং বিষয়টি শেরিফ দপ্তরকে জানান। ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই ছাত্র একপর্যায়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মেডেলিন তাকে হুমকি দেন যে সম্পর্ক ভেঙে দিলে তিনি নিজের জীবন শেষ করে দেবেন।

গ্রেপ্তারের পর মঙ্গলবার মেডেলিনকে আদালতে হাজির করা হলে বিচারক তার ৫০ হাজার ডলারের জামিন মঞ্জুর করেন। তবে জামিনের শর্ত হিসেবে তদন্ত চলাকালীন সময়ে তাকে যেকোনও অপ্রাপ্তবয়স্কের থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত এখনো অব্যাহত রয়েছে।