আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের একটি শপিং মলে এক মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারী পুলিশকে জানিয়েছে, ইসলাম ধর্মের হওয়ার কারণেই তিনি ওই কর্মীকে হত্যা করতে চেয়েছিলেন।
গত সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে সোহেল নামের ওই কর্মীর কাছে আসেন ৪৮ বছর বয়সী হামলাকারী পরিটার মাইকেল লারসেন। তিনি সামান্য কথাবার্তা বলে ওই কর্মীর নাম ও ধর্ম জানতে চান। ওই কর্মী যখন জলের বোতল আনতে যান, তখনই তার ওপর হামলা চালানো হয়। ইমাম আক্রান্ত কর্মীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সোমবার মলে পুলিশ গিয়ে অভিযুক্ত লারসেনকে হেফাজতে নেয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই কয়েকজন পথচারী হামলাকারীকে জাপটে ধরেন এবং তাঁর হাত থেকে ছুরিটি কেড়ে নেন। ধস্তাধস্তির সময় পথচারীদের মারধরে হামলাকারীও আহত হয়। বর্তমানে আক্রান্ত কর্মী ও হামলাকারী দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত কর্মীর চিকিৎসার জন্য 'গো ফান্ড মি' ওয়েবসাইটে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। সেখানে জানানো হয়, তাঁর হাত, হার্ট ও ফুসফুসে অস্ত্রোপচারের প্রয়োজন। অন্যদিকে, হামলাকারী লারসেনকে বিনাজামিনে সল্টলেক কাউন্টি জেলে পাঠানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংগঠন, 'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস' (কেয়ার)। একই সঙ্গে সংগঠনের তরফে মার্কিন সরকারি কর্মকর্তাদের মুসলিমবিদ্বেষী বক্তব্য বর্জন করার আহ্বান জানান হয়েছে। কেয়ার-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, 'এই ভয়াবহ হামলা আবারও মনে করিয়ে দিল যে মুসলিমবিদ্বেষী বক্তব্যের বাস্তব পরিণতি কতটা মারাত্মক হতে পারে।'
সংস্থাটি জানায়, ২০২৫ সালে তারা ৮,৬৮৩টি মুসলিমবিদ্বেষী অভিযোগ নথিভুক্ত করেছে। যা ১৯৯৬ সালের পর সর্বোচ্চ। ইউটা মুসলিম সিভিক লিগও এ ঘটনাকে বিদ্বেষমুলক অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে এবং সাহস দেখিয়ে এগিয়ে আসার জন্য পথচারীদের প্রশংসা করেছে।
















