আজকাল ওয়েবডেস্ক: বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েই বিদেশে পাড়ি দিয়েছিলেন। বছরে মোটা অঙ্কের বেতনও পেতেন। কিন্তু সম্প্রতি হারিয়েছেন চাকরি। পেট চালাতে শেষমেশ গাড়ি চালাচ্ছেন আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী। ভারতীয় বিজ্ঞানীর এমন পরিণতির কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা, কমেডিয়ান বীর দাস। যেটি মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। 

 

বীর দাস লিখেছেন, সান জোসের বিমানবন্দর থেকে ব্ল্যাক লেনের এক ড্রাইভার তাঁকে তুলে নিয়ে যান। কিছুদূর যাওয়ার পরেই বুঝতে পারেন, ড্রাইভার ভাল গাড়ি চালাতে পারেন না। তখনই তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। ভারতীয় জেনে হিন্দিতেই কথা বলেন দু'জনে। দেশের কথা বলতে বলতে বীর গাড়িচালকের বিষয়ে আরও অনেক কিছু জানতে চান। 

 

পথেই বীর দাসকে গাড়িচালক বলেন, তিনি একজন বিজ্ঞানী। আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী। পিএইচডি করেছেন। আমেরিকায় চাকরি করতে এসেছিলেন। একবছর আগে চাকরি খুইয়েছেন। এরপর পেটের দায়ে গাড়ি চালাচ্ছেন। চাকরি না পাওয়ায় গাড়ি চালানোই তাঁর পেশা। বিদেশে বিশ্রামের সুযোগ নেই। বড় কঠিন জীবনযাপন। 

 

বীর দাস লিখেছেন, জীবনের গল্প বলতে বলতে দু'জনেই বন্ধু হয়ে গেছেন। কিন্তু আর কখনও তাঁদের দেখা হবে না। ভারতীয় বিজ্ঞানীর এমন পরিণতির কথায় চোখে জল নেটিজেনদের। কেউ কেউ জানিয়েছেন, কোনও পেশাই ছোট নয়। কিন্তু মেধাবী পড়ুয়ার এমন পরিণতি সত্যিই দুঃখজনক। কেউ আবার লিখেছেন, ভারতে ফিরলেও কাজের সুযোগ কম। এরচেয়ে বিদেশে গাড়ি চালানো অনেক ভাল।