আজকাল ওয়েবডেস্ক: তুরস্ককে আচমকা হুমকি দিলেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। মুহুজি উগান্ডার রাষ্ট্রপতি ইয়োওয়েরি মুসেভেনির পুত্র। তিনি ১০০ কোটি ডলারের ‘নিরাপত্তা লভ্যাংশ’ এবং তুরস্কের ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ে করার দাবি জানিয়েছেন। ৩০ দিনের মধ্যে তাঁর শর্ত পূরণ না হলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকিও দিয়েছেন মুহুজি। 

গত শনিবার জেনারেল অভিযোগ করেছেন, তুরস্ক সোমালিয়ার পরিকাঠামো এবং বন্দরের নানা চুক্তি থেকে বিপুল লাভ করেছে। কিন্তু আল-শাবাব জঙ্গিদের সামলাতে গত দু’দশক ধরে লড়াই করে যাচ্ছে উগান্ডা সেনা। কাইনেরুগাবা দাবি করেছেন, সামরিক হস্তক্ষেপের ক্ষতিপূরণ হিসেবে তুরস্কের কাছ থেকে উগান্ডার ১০০ কোটি ডলার পাওয়া উচিত। এক্স-এ একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, “তুরস্কের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের পাশাপাশি, আমি সেই দেশের সবচেয়ে সুন্দরী মহিলাকে স্ত্রী হিসেবে চাই।” যদিও পোস্টটি তিনি মুছে ফেলেছেন। আগের পোস্টগুলিতে তিনি আরও লিখেছিলেন, “ওরা আমাদের টাকা দিক আর স্ত্রীদের সমর্পণ করুক! তাহলেই ওরা শান্তিতে থাকবে।”

পরিকাঠামো প্রকল্প, সামরিক প্রশিক্ষণ এবং মোগাদিশুতে বন্দর এবং বিমানবন্দর পরিচালনার মাধ্যমে সোমালিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। মুহুজির হুঁশিয়ারি, “আমি তুরস্কের সঙ্গে সংঘাত চাই না। আমাদের সামনে তাদের টিকে থাকার কোনও সুযোগ নেই।”

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর দাবি পূরণ না হলে কূটনৈতিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। যার মধ্যে কাম্পালায় তুরস্কের দূতাবাস বন্ধ করা এবং সম্পর্ক সীমিত করার কথাও রয়েছে। মুছে ফেলা একটি পোস্টে তিনি লিখেছেন, “আসল সমস্যা হল তুরস্ক! আমরা তাদের নিজেদের শুধরে নেওয়ার জন্য অপেক্ষা করেছি, কিন্তু তারা তা করছে না! যদি তারা আমাদের সমস্যাগুলির সমাধান না করে, তাহলে আমরা আগামী ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হব।” অপর একটি পোস্টে লিখেছেন, “তুরস্কের জন্য ব্যাপারটা খুবই সহজ... হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে তারাও তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। কোনও সমস্যা নেই।” 

কাইনেরুগাবা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোগানের কথাও উল্লেখ করে বলেন, তিনি ইস্তানবুলে অভ্যর্থনা পাওয়ার এবং তাঁর সঙ্গে দেখা করার প্রত্যাশা করছেন। তিনি লিখেছেন, “আর এক বছরের মধ্যে আমাকে ইস্তানবুলে নায়কের মতো স্বাগত জানানো হবে! আমি আমার কাকা প্রেসিডেন্ট এর্দোগানকেও অভিবাদন জানাব।”

এর আগেও বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কাইনেরুগাবা আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ২০২২ সালে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে উগান্ডা কেনিয়া আক্রমণ করে ‘দুই সপ্তাহের মধ্যে নাইরোবি দখল করে নিতে পারে’। এই ঘটনার ফলে তাঁর বাবার সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল এবং তাঁকে সাময়িকভাবে নেতৃত্ব থেকে অপসারণ করা হয়েছিল। তিনি বিদেশি নেতাদের সম্পর্কেও কিছু অস্বাভাবিক মন্তব্য করেছেন, যার মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে গবাদি পশুর বিনিময়ে বিয়ের প্রস্তাবও রয়েছে।