আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে দিবালোকে জনসমক্ষে স্বামী ও স্ত্রীর তুমুল অশান্তি। যা ক্রমেই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। সকলের সামনে স্বামীকে বেধড়ক মারতে শুরু করেন স্ত্রী। ভরা রাস্তায় একাধিকবার কষিয়ে চড় মারতেও দেখা গেছে। যে ঘটনায় এলাকায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরে। বুধবার পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্বামীর সঙ্গে ভরা রাস্তায় তুমুল ঝামেলা করেন তাঁর স্ত্রী। ঝামেলা চলাকালীন সর্বসমক্ষে স্বামীকে কষিয়ে চড় মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করেন। এই ঝামেলার জেরেই ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। 

পুলিশ আরও জানিয়েছে, যুবতী বোরখা পরেছিলেন। ভরা রাস্তায় প্রথমে স্বামীর পিছু নিচ্ছিলেন তিনি। খানিকক্ষণ পরেই স্বামীকে হাতেনাতে ধরেই অশান্তি শুরু করেন। শুরুতে সামান্য কথা কাটাকাটি থেকেই বচসা শুরু হয়। হঠাৎ স্বামীকে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারতে শুরু করেন যুবতী। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। স্ত্রীর সন্দেহ ছিল, লুকিয়ে লুকিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন স্বামী। 

দম্পতির অশান্তির চোটে পথচলতি মানুষের ভিড় জমে যায়। বহু মানুষ একজায়গায় জড়ো হয়ে যান। চোখের সামনে স্বামী ও স্ত্রীর মারপিট দেখেও, কেউ ঝামেলা থামাতে ছুটে আসেননি। জানা গিয়েছে, সীতাপুরের টাম্বুরের দাতুনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় নগর নামের ওই যুবক। তিনি ফিরোজাবাদের বাসিন্দা। মঙ্গলবার স্কুল থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে আরও যাত্রী ছিলেন। 

সুমলি স্কুলের সামনে গাড়ি থেকে নেমে পড়েন অজয়। তখনই বোরখা পরা যুবতী তাঁর ওপর হামলা করেন। এমনকী গাড়ির জানালাও ভেঙে দেন তিনি। বোরখা সরাতেই সবাই বুঝতে পারেন, যুবতী আসলে অজয়ের স্ত্রী। এই ঘটনার সময়েই অজয়ের মা ও বোনের সঙ্গেও যুবতীর ঝামেলা হয়। যদিও পরবর্তীতে থানায় গিয়ে অজয় জানিয়েছেন, পরকীয়া নয়, স্রেফ দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। 

কয়েক মাস আগেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন স্ত্রী।‌ রাস্তায় পা রাখা মাত্রই মাথায় বাজ পড়ার মতো অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। রাস্তায় ঘুরে ঘুরে প্রেমিকার সঙ্গে চুটিয়ে শপিং করছিলেন স্বামী। দেখেই রাগে ফুঁসতে থাকেন স্ত্রী। অবশেষে কাছে গিয়েই খপ করে ধরে ফেলেন স্বামীকে। তারপরেই হাইভোল্টেজ ড্রামা! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইন্দোরে। গত শুক্রবার করবা চৌথের দিনেই প্রেমিকার সঙ্গে স্বামীকে ভরা রাস্তায় হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। করবা চৌথের রাতে প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন এক যুবক। তবে টের পাননি স্ত্রী চুপিচুপি তাঁর উপর নজরদারি চালাচ্ছিলেন। প্রেমিকার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরতেই তুলকালাম কাণ্ড ভরা রাস্তায়। 

১০ অক্টোবর শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে ইন্দোরের নন্দ নগর এলাকায়। সেই এলাকাতেই প্রেমিকার সঙ্গে স্বামীকে কেনাকাটা করতে দেখেন স্ত্রী। তারপরেই হাইভোল্টেজ ঝামেলার নাটকীয় মোড়। প্রায় ঘণ্টা খানেক স্বামী ও স্ত্রীর ঝামেলা দেখে চক্ষু চড়কগাছ পথচলতি মানুষের। 

জানা গেছে, করবা চৌথে প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখেই, পিছন থেকে খপ করে স্বামীর হাত ধরে ফেলেন স্ত্রী।‌ এরপর শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতি। অন্যদিকে স্বামীর আরেক হাত ধরে তাঁর পিছনেই লুকিয়ে থাকেন তাঁর প্রেমিকা। গোটা ঝামেলা চলাকালীন যুবকের প্রেমিকা পালিয়ে যাননি। বরং যুবকের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। ঝামেলা শেষ হলে, একসঙ্গেই হয়তো যাওয়ার পরিকল্পনা ছিল। 

এদিকে স্বামীর থেকে জবাবদিহি চাইতে ব্যস্ত হয়ে পড়েন স্ত্রী। দিনের পর দিন প্রতারণার শিকার হয়ে, রাস্তার মাঝেই স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেড় ঘণ্টা ওই রাস্তায় ঝামেলা করছিলেন স্বামী, স্ত্রী। যা দেখে সকলেই তাজ্জব বনে যান। আরও জানা গেছে, ওই যুবকের নাম সন্দীপ শামি। তিনি আরবান অ্যাডিমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মী। করবা চৌথে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েই চরম হেনস্থার শিকার হন।