আজকাল ওয়েবডেস্ক: মাঝ জলাশয়ে প্রি-ওয়েডিং শ্যুট! ২০২৬ সালে দাঁড়িয়ে আপনি যদি কোনও জলাশয়ে দামী পোশাকে গা না ভেজান, আর চার-পাঁচজন ক্যামেরা হাতে আপনাকে ঘিরে ভিডিও শ্যুট না করে, তবে আপনার বিয়েটাই যেন অসম্পূর্ণ! সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে।

একটি ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক যুগল একটি জলাশয়ে শুয়ে আছেন। চোখ বন্ধ, শরীর জলে ভাসছে- আর ফটোগ্রাফার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে ফ্রেমটি ‘নান্দনিক’ দেখায়। এমন দৃশ্য দেখে নেটিজেনদের চোখ যে কপালে উঠবে, তাতে আর আশ্চর্য কী!

বর্তমানে সকলেই প্রায় ‘ক্যানডিড’ থেকে পুরোদস্তুর ‘সিনেমাটিক আর্ট’-এর যুগে ঢুকে পড়েছে। কে কতটা নাটকীয় হতে পারল, এখন লড়াইটা সেখানেই। এক্স-হ্যান্ডেলে রোজি নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “প্রি-ওয়েডিং শ্যুট আজকাল অদ্ভুত হয়ে যাচ্ছে।”

পিছিয়ে নেই আমজনতাও। ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “ওঁরা কি বিয়ে করছেন নাকি ‘ক্রাইম পেট্রোল’-এর শ্যুটিং চলছে?” আবার কারও টিপ্পনী, “সাতটায় বিয়ে, আর সাড়ে ছ’টায় বোধহয় পুরনো কোনও পারিবারিক শত্রুতার শোধ নিচ্ছেন!”

উল্লেখ্য ২০২৬ সালকে অনায়াসেই ‘স্টান্ট-ডাবল’ বিয়ের বছর বলা যায়। চলতি বছরেই দেখা গিয়েছে একের পর এক 'অদ্ভুত' সব ভিডিও শ্যুট। 

সমাজমাধ্যমে মানুষের প্রতিক্রিয়া দেখলে হাসি আর বিভ্রান্তি মেশানো এক অস্বস্তি দানা বাঁধে। অনেকেই প্রশ্ন তুলছেন, এই শ্যুটগুলো কি আদেও যুগলের জন্য, নাকি স্রেফ ‘ভাইরাল’ হওয়ার নেশায়? নোংরা জল বা শারীরিক কষ্টের কথা ভেবে যেমন অনেকে অবাক হয়েছেন, তেমনই কেউ কেউ ঠাট্টা করতেও পিছপা হননি। 

অবশ্য প্রি-ওয়েডিং শ্যুট নিয়ে এমন শোরগোল নতুন নয়। জলের নিচে ফটোশ্যুট থেকে শুরু করে সিনেমার দৃশ্যের হুবহু অনুকরণ- ‘অন্য কিছু’ করার নেশা বর্তমানে সমস্তরকম সীমা ছাড়িয়ে যাচ্ছে।