এ যেন উল্টোপুরাণ! যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে ছাড়। অন্যদিকে অভিযোগকারিণীকে দেওয়া হল শাস্তি, তাও অপমানজনক শাস্তি! কী ঘটেছে? 

সম্প্রতি পড়শি রাজ্য থেকে এক অদ্ভুত ঘটনার কথা প্রকাশ্যে এসেছে, যা বর্তমানে ভাইরাল। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক বছর ৩০ এর মহিলাকে প্রকাশ্যে, গ্রামের সকলের সামনে হ্যারাস করা হচ্ছে। পঞ্চায়েতের কাছে তিনি তাঁর প্রতিবেশীর নামে অভিযোগ জানিয়েছিলেন। দাবি করেন সেই ব্যক্তি তাঁকে দু'বার ধর্ষণ করেছেন। আর এই অভিযোগের পরই তাঁকে গ্রামের সবার সামনে অপমান করা হয়। 

অভিযোগকারিণী জানিয়েছেন গত ২ এবং ৪ জুন এই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করেছেন। এরপর পুলিশের কাছে কোনও অভিযোগ জানানোর বদলে গ্রামবাসীরা অভিযুক্তকে পালাতে সাহায্য করে। তবে শাস্তি দেয় না। উল্টে অভিযোগকারিণীকে সকলের সামনে থুতু ফেলিয়ে, নিজের সেই থুতু চাটানো হয়েছে। 

এই ঘটনার ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটা জানাজানি হতেই পুলিশের তরফে তৎক্ষণাৎ এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর। যদিও মূল অভিযুক্ত এখনও পলাতক।

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া। একদিকে যেমন কেউ কেউ পুলিশের মধ্যস্থতা করায় খুশি, তেমনই এই সময় দাঁড়িয়েও এমন বর্বর শাস্তির কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আমরা সামনের দিকে এগোচ্ছি, না পিছোচ্ছি বোঝা দায়! ছিঃ ছিঃ!' কেউ আবার লেখেন, 'কতটা নিম্ন মানসিকতার হলে নির্যাতিতাকে এমন শাস্তি দেওয়া যায়, অভিযুক্তের বদলে যাঁরা এই কাজ করেছেন তাঁদের শাস্তি হোক।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওই মহিলার আগেই থানায় যাওয়া উচিত ছিল, ঠিক হয়েছে এখন গ্রেফতার হয়েছে যে!'