আজকাল ওয়েবডেস্ক: ছাত্রদের ছাত্রীদের শিক্ষাগত সাফল্য থেকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক জয়ে মেয়েরা ধারাবাহিকভাবে ছেলেদের ছাপিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলি শুধু ডিগ্রি প্রদানের কেন্দ্র নয়, বরং জাতি গঠন ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান।
সোমবার বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল বলেন, “সমাবর্তনের ফলাফল থেকে দেখা গিয়েছে যে মহিলা স্বর্ণপদক জয়ীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। অপরদিকে, পুরুষ শিক্ষার্থীরা কেবল গবেষণার ক্ষেত্রেই তাঁদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।”
তিনি ছাত্রদের আরও কঠোর পরিশ্রম করতে এবং ছাত্রীদের নিষ্ঠাকে অনুকরণ করতে আহ্বান জানান। রাজ্যপাল বলেন, “মেয়েরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে বেশি সচেতন এবং শিক্ষাক্ষেত্রে তারা সাফল্য অর্জন করছে। তিনি স্বর্ণপদক জয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা তাদের পরিবার, সমাজ, বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছে।”
এর আগে আইএএস অফিসার বা শিক্ষক হওয়ার ইচ্ছের আগে মহিলাদের ‘দক্ষ মা’ হয়ে ওঠার চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। তাঁর বক্তব্য ছিল, পারিবারিক দায়িত্ব উপেক্ষা করে পেশাগত সাফল্য অর্জন করা উচিত নয়। কানপুরের একটি বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময়ে ৮৪ বছরের রাজ্যপাল অনন্দীবেন প্যাটেল তরুণীদের বিয়ের পরেও নিজেদের শিক্ষা ও কর্মজীবন চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে অবদান দক্ষ হয়ে ওঠার আহ্বানও জানিয়েছিলেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বক্তৃতার সময়ে রাজ্যপাল (যিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যও বটে) পারিবারিক মূল্যবোধ, বাবা-মায়ের দায়িত্ব এবং চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, শিক্ষার পরিধি কেবল প্রাতিষ্ঠানিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়।
















