আজকাল ওয়েবডেস্ক: ব্যবসায় চরম ক্ষতি। তার জেরে আর্থিক সমস্যাও ছিল। অংশীদারের উপর ক্ষিপ্ত হয়ে, পরিকল্পনামাফিক তাঁর দুই নাবালক সন্তানকে খুন করল এক ব্যবসায়ী। খুনের পর থেকে সে পলাতক। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের বোড়ানাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে, রবিবার কারখানার কাছে একটি ভাড়া বাড়ি থেকে দুই নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার থেকে তারা নিখোঁজ ছিল। ওই ঘরেই একটি চিঠি পাওয়া গিয়েছে। তাতে লেখা ছিল, ব্যবসায় বিশ্বাসঘাতকতার জেরে ইচ্ছাকৃতভাবে অংশীদারের দুই সন্তানকে খুন করা হয়েছে। এমনকী নিজেও আত্মঘাতী হতে পারে।
তদন্তে পুলিশ জানতে পারে, অংশীদারের সঙ্গে অভিযুক্ত ব্যবসায়ীর ২০ বছরের বন্ধুত্ব ছিল। ন'মাস আগে ব্যবসা শুরু করে। কিন্তু মাঝপথেই ব্যবসা থেকে বেরিয়ে আসেন অংশীদার। এর জেরে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ওই ব্যবসায়ী। পুরনো বন্ধু বিশ্বাসঘাতকতা করেছেন, টের পেতেই তাঁর দুই সন্তানকে খুনের পরিকল্পনা করে।
শুক্রবার দুই নাবালককে স্কুল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত। স্কুল থেকে সোজা ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে তাদের খুন করে, দেহ ঝুলিয়ে দেয় সে।
















