আজকাল ওয়েবডেস্ক: অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পোর্টাল নিয়ে এ বার বড় স্বীকারোক্তি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র। পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের পর অবশেষে মুখ খুলল সিবিএসই। সমাজমাধ্যমে বোর্ড একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের পরিষেবা প্রদানকারী সংস্থার ওএসএম পোর্টালে যে সমস্ত নিরাপত্তা ঘাটতি ধরা পড়েছে, সেগুলির ওপর কড়া নজর রাখা হচ্ছে।
বোর্ড আশ্বস্ত করেছে যে, চিহ্নিত ত্রুটিগুলি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুরো ব্যবস্থার নিরাপত্তা পরিকাঠামো আরও সুনিশ্চিত করতে বিভিন্ন সরকারি সংস্থা এবং আইআইটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল গত কয়েকদিন ধরে কাজ করছে।
সিবিএসই-র বিবৃতিতে আরও জানানো হয়েছে, গোটা ব্যবস্থায় আর কোনও খামতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরক্ষার স্বার্থে এই পোর্টালটিকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের যে সমস্ত নাগরিক এবং 'এথিক্যাল হ্যাকার' বোর্ডের এই ডিজিটাল ব্যবস্থার ত্রুটিগুলি সামনে এনেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছে বোর্ড। ইতিমধ্যেই তাঁদের কয়েকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রশংসা করেছে বোর্ড। পাশাপাশি, অন্য কেউ যদি এই ব্যবস্থার ত্রুটি খুঁজে পান, তবে তা সরাসরি secy-cbse@nic.in ই-মেল আইডিতে জানাতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সিবিএসই-র ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে সম্প্রতি জোরালো প্রশ্ন তোলেন ১৯ বছর বয়সি এথিক্যাল হ্যাকার নিসর্গ অধিকারী। তাঁর অভিযোগ, সিবিএসই-র উত্তরপত্র এবং প্রশ্নপত্রগুলি একটি এডব্লিউএস বা আমাজন ওয়েব সার্ভিসেস বাকেটে রাখা ছিল, যা ইন্টারনেটে যে কেউ চাইলেই দেখতে পারতেন। নিসর্গের এই চাঞ্চল্যকর দাবির পরেই সিবিএসই-র প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়।
এই বিতর্কের মাঝেই আরও একটি ঘটনা প্রকাশ্যে আসে। সার্থক সিদ্ধান্ত নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র (বয়স ১৭ বছর) সিবিএসই-র টেন্ডার বা দরপত্রের নথিপত্র পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এক গুরুতর অভিযোগ আনে। সার্থকের দাবি, ওএসএম চুক্তির টেন্ডার প্রক্রিয়ার সময় সিবিএসই বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতার মাপকাঠি শিথিল করেছিল। কিছু নিরাপত্তা সংক্রান্ত শর্তও কমিয়ে দিয়েছিল। আর এই নিয়ম শিথিলের সুযোগ নিয়েই হায়দরাবাদের সংস্থা 'কোয়েম্প্ট এডুটেক' অন-স্ক্রিন মার্কিংয়ের এই বড় চুক্তিটি হাতিয়ে নিতে সক্ষম হয়।
এই জোড়া অভিযোগের মুখে পড়ে ইতিমধ্যেই সমালচনার মুখে থাকা সিবিএসই আপাতত 'ড্যামেজ কন্ট্রোল'-এ নেমেছে। ডিজিটাল ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার তোড়জোড় শুরু করেছে তারা।















