আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শ্রীনগরে তাপমাত্রা নেমেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞের মতে, এটি এই মরশুমের সবচেয়ে কম তাপমাত্রা। গোটা জম্মু-কাশ্মীর এখন কাঁপছে ঠান্ডার প্রকোপে। তীব্র শীতে ব্যাহত দৈনন্দিন জীবনযাত্রা। দিনেরবেলা আবহাওয়া রৌদ্রজ্জ্বল থাকছে। শ্রীনগরে দিনে গড়ে তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রীর কাছাকাছিই থাকছে। অর্থাৎ সাধারণ তাপমাত্রা থাকছে। কিন্তু সূর্য ডুবলেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নামছে। আবার গুলমার্গে তাপমাত্রা মাইনাস ৭ থেকে ৯-এর মধ্যে ঘোরাফেরা করছে গত কয়েকদিন ধরে। 

শহরের বহু জলাশয় জমে গিয়েছে। গাছের পাতা সবুজ থেকে ধবধবে সাদা হয়ে গিয়েছে। বরফের তলায় চাপা পড়ে গিয়েছে। এই পাহাড়াঞ্চলে অনেক ধরণের খেলা হয়। যেমন, স্কি করা। তবে এখনও বরফের স্তর উপযুক্ত হয়নি এই জাতীয় বরফ নির্ভর খেলাগুলির জন্য। এখনও বেশ কিছুদিনের অপেক্ষার করতে হবে। সরকারিভাবে বিভিন্ন পাহাড়ি অঙ্গলে এই সময়ে এই বরফ নির্ভর খেলাগুলি আয়োজন করা হয়ে থাকে। নানা অঞ্চল থেকে মানুষ এই অঞ্চলগুলিতে যান খেলায় অংশ নিতে। বিদেশ থেকেও অনেক খেলোয়াড় আসেন। অনেকক্ষেত্রে শুধু আমোদের জন্য নয়, এই খেলাগুলিকে ঘিরে আয়োজন করা হয় আন্তর্জাতিক প্রতিযোগিতাও। 

জম্মু ও কাশ্মীরের উপরি অংশে নতুন করে তুষারপাত হয়েছে। লাদাখও এখন ছেয়ে গিয়েছে বরফে। বিশ্বের দ্বিতীয় শীতল জায়গা দ্রাসে তাপমাত্রা নামতে নামতে মাইনাস ২৪ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। দিনে মাইনাস ২১ ডিগ্রি। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গাগুলি বন্ধ। বহু মানুষ বাইকে করে ঘুরতে যান এই পর্বতাঞ্চলগুলিতে। তবে ভারী তুষারপাতের জন্য এখন এই অঞ্চলগুলিতে ভ্রমণের অনুমতি দিচ্ছে না সরকার। তাছাড়া বহু গ্রামের সঙ্গে লেহ কিংবা শ্রীনগরের মতো বড় শহরগুলির যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

গত বছরেও শীতের প্রকোপ এমনই ছিল। শ্রীনগরে বছরে প্রায় ৪০ দিন টানা প্রচন্ড ঠান্ডা থাকে। জল জমে বরফ হয়ে যায়, অনেক সময়ে পাইপলাইনগুলিও বরফের দাপটে ফেটে যায়। ভারী তুষারপাত হয়ে থাকে। আর স্যাটালাইট চিত্রে তখন লাদাখ-কাশ্মীর পুরো সাদা হয়ে যায়। জনজীবনে প্রচুর সমস্যা দেখা দেয়। বিদ্যুতের তার ছিঁড়ে যায়। রাস্তা বন্ধ হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চাষাবাদও বন্ধ হয়ে যায়। এমনকি জলের সরবরাহও বন্ধ হয়ে যায়। ফলে এখানকার এলাকাবাসী সারা বছর ধরে শীতের জন্য সবজি জমান, আনাজ-দানা জমিয়ে রাখেন। বরফ গলিয়ে ব্যবস্থা করে নেন নিজেদের প্রয়োজনীয় জলের।