আজকাল ওয়েবডেস্ক: ছুটির পর স্কুলের সামনেই সহপাঠীকে কুপিয়ে খুন করল এক কিশোর! এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে পাঁচ জনই নাবালক। বাকি দু'জনের বয়স ১৯ ও ৩১ বছর। ঘটনাটি দিল্লির শাকারপুর এলাকার রাজকীয় সর্বোদয় বাল বিদ্য়ালয়ের।
পুলিশ সূত্রে খবর, নিহতের নাম ইশু গুপ্ত। স্কুলে অতিরিক্ত ক্লাস চলাকালীন সহপাঠী কৃষ্ণের সঙ্গে ইশুর ঝামেলা হয়। ওই ঝামেলা ক্রমেই উত্তপ্ত বাক্য বিনিময়, হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপরই ছুটির পর দুই সহপাঠী স্কুলের বাইরে বেরলে কৃষ্ণ, ইশুকে ছুরি দিয়ে কোপাতে থাকে। পায়ে বীভৎস আঘাত লাগে ইশুর। রক্তারক্তি কাণ্ড।
এই ঘটনা জানতে পেরেই ওই স্কুলের কর্মীরা জখম ছাত্রকে প্রাথমিক চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই মাদকবিরোধী স্কোয়াড এবং বিশেষ স্টাফকে অবিলম্বে অভিযুক্তকে ধরতে নির্দেশ দেয় পুলিশ। মরদেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।
গত মাসেই ফরিদাবাদের এক বাজারে একাদশ শ্রেণির এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। অভিযুক্তের সঙ্গে আগের দিন উত্তপ্ত বাক্য বিনিময়ের পরই এই খুন করা হয়। নিহতের বোন জানিয়েছেন, তিনি এবং তাঁর ভাই ২৫ ডিসেম্বর বাজারে গিয়েছিলেন। তখন অভিযুক্ত, হিমাংশু মাথুর এবং রোহিত ধামা এবং আরও কয়েকজন লোক লাঠি ও ছুরি নিয়ে তাঁর ভাইকে মারধর করে। কিছু স্থানীয় লোকজন আহতকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
















