আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ১৬ লাখ টাকা। ভুলবশত সেই টাকা পাঠানো হয়েছিল এক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টের পেয়ে ব্যাঙ্কের টনক নড়তেই তলব সেই কৃষককে। কিন্তু সেই টাকা ব্যাঙ্কে জমা করতে অস্বীকার কৃষকের। ঘটনাটি রাজস্থানের।
জানা গিয়েছে, কিষানগড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ওই যুবকের। তাঁর নাম কানারাম জাট। ব্যাঙ্কের ম্যানেজার জিতেন্দ্র ঠাকুর অভিযোগ জানিয়ে বলেন, গত বছরের শেষদিনে কানারাম জাটের অ্যাকাউন্টে কোনও কারণে ১৬ লাখ টাকা লেনদেন করা হয়েছিল। এটি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির জন্য করা হয়েছিল। কিন্তু কোনও কারণে সেটি ওই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। প্রথমে সেটি সম্পর্কে কেউ টের পাননি। পরে বিষয়টি খেয়াল পড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের। লেনদেনের হিসেব করে দেখা যায়, এই বছরের দুই থেকে চার জানুয়ারির মধ্যে ওই ব্যক্তি মোট তিনবার আর্থিক লেনদেন করেছে। প্রতিটি লেনদেন পাঁচ লাখ টাকার। এই বিষয়টি প্রথম নজরে আসে ১০ জানুয়ারি। এরপর তাঁরা ওই কৃষকের সঙ্গে যোগাযোগ করেন। এবং টাকা ফেরত দেওয়ার আবেদন জানান। কিন্তু ওই কৃষক টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান, তাঁর বাজারে অনেক টাকা ঋণ রয়েছে। অ্যাকাউন্টের টাকা দিয়ে তাঁর সেই ঋণ পরিশোধ করা হয়েছে।
বর্তমানে ব্যাঙ্ক আইনি পদক্ষেপ নিয়েছে। ব্যাঙ্কের তরফে কানারাম জাটের কিষাণ ক্রেডিট কার্ড এবং তাঁর বাড়ির জমি নিলাম করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে।
















