আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে পরপর সাসপেন্ড হয়েছেন লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। অন্যদিকে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সাসপেন্ড হওয়ার পর তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির উপরাষ্ট্রপতিকে উপহাস বিষয়ে। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ রাহুল। কল্যাণ যে সময় রাষ্ট্রপতিকে উপহাস করছিলেন, সেই সময় রাহুল গান্ধীকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করতে দেখা যায়। এই বিতর্কের মাঝেই তিনি জানিয়েছেন, তিনি কেবল সংসদ চত্বরে থাকা সাংসদদের ভিডিও করছিলেন। আসল বিষয় হল গুরুত্বপূর্ন বিষয় থেকে নজর ঘোরানো। সেই কারণেই কোনও আলোচনা নেই সাংসদ সাসপেন্ড প্রসঙ্গে। তৃণমূল নেতার উপহাস প্রসঙ্গে চর্চা চতুর্দিকে। রাহুলের উপস্থিতি নিয়েও আলোচনার ঝড়। উপরাষ্ট্রপতি অপমান নিয়ে ক্ষুব্ধ গেরুয়া শিবির। তবে রাহুল প্রশ্ন করছেন, " কে অপমান করেছে? কাকে? সাংসদরা সেখানে বসে ছিলেন। আমি মুহূর্তবন্দী করেছি।" সংবাদ মাধ্যমকে একহাত নিয়ে এদিন রাহুল বলেন, বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল। মিডিয়াতে কোনও আলোচনা নেই। বেকারত্ব নিয়ে আলোচনা নেই। সাংসদরা বসে আছেন, দুঃখ করছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে। উল্লেখ্য , উপহাস ইস্যুতে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এথিক্স কমিটিতে অভিযোগ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। দাবি করেছেন কড়া পদক্ষেপের। পাশাপশি রাহুল গান্ধীকেও বরখাস্ত করার দাবি জানিয়েছেন তিনি।