আজকাল ওয়েবডেস্ক: ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার গড়লেন ইতিহাস। প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে কম্ব্যাট হেলিকপ্টার ওড়ালেন তিনি। নাম ‘প্রচন্ড’। রাজস্থানের জয়সলমের  এলাকায় ভারত–পাকিস্তান সীমান্তের কাছে হেলিকপ্টারটি ওড়ানো হয়।

অলিভ-সবুজ রঙের ফ্লাইং স্যুট ও হেলমেট পরে প্রায় ২৫ মিনিটের এই উড়ানে তিনি সহ-পাইলট হিসেবে অংশ নেন। ভারতীয় বায়ুসেনা (IAF)-এর তথ্য অনুযায়ী, হেলিকপ্টারের ক্যাপ্টেন রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়ার পর, জয়সলমের এয়ার ফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারটি উড়তে শুরু করে। ককপিট থেকে হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান রাষ্ট্রপতি। উড়ানের সময় ককপিট থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন। বলেন,  “প্রচন্ড নামের এই হেলিকপ্টার আত্মনির্ভর ভারতের এক শক্তিশালী প্রতীক। এই মুহূর্তে আমি জয়সলমেরের আকাশে। এখান থেকে আমাদের বীর সেনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত।” 

এয়ার ফোর্স স্টেশনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এ পি সিং। হেলিকপ্টারটি পোখরান ফায়ারিং রেঞ্জের উপর দিয়ে উড়ে যায়, যেখানে ভারতীয় বায়ুসেনার নির্ধারিত অগ্নিশক্তি প্রদর্শনী ‘বায়ু শক্তি’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদিনব্যাপী এই সামরিক প্রদর্শনীতে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। 

উল্লেখযোগ্যভাবে, গত বছর অক্টোবরে আম্বালা এয়ার ফোর্স স্টেশন-এ রাষ্ট্রপতি মুর্মু ‘রাফাল’ যুদ্ধবিমানে সওয়ারি হয়েছিলেন। তারও আগে, ২০২৩ সালের এপ্রিলে তেজপুর এয়ার ফোর্স স্টেশন-এ তিনি ‘সুখোই-৩০ এমকেআই’ যুদ্ধবিমানে প্রায় ৩০ মিনিটের উড়ান সম্পন্ন করেন।ব্রহ্মপুত্র ও তেজপুর উপত্যকার উপর দিয়ে হিমালয়ের দৃশ্য উপভোগ করেন তিনি। ফলে তিনি প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে ভারতীয় বায়ুসেনার দুটি ভিন্ন যুদ্ধবিমানে উড়ানের কৃতিত্ব অর্জন করেন। এবার ‘প্রচণ্ড’ নামের হেলিকপ্টারে উড়ে সেই মাইলফলকে যুক্ত হল আরও এক নতুন অধ্যায়। 

এই ‘প্রচণ্ড’ নামের হেলিকপ্টারটি হল ভারতের প্রথম স্বদেশে নকশা ও নির্মিত লাইট কম্ব্যাট হেলিকপ্টার (LCH)। এটি বানিয়ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। অত্যাধুনিক অ্যাভিওনিক্স, স্টেলথ বৈশিষ্ট্য, রাতের অন্ধকারে আক্রমণ করতে পারা এবং এয়ার-টু-এয়ার ও এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, রকেট ও ২০ মিমি গানসহ শক্তিশালী অস্ত্রসজ্জায় সজ্জিত এই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার যুদ্ধক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে জোধপুর এয়ার ফোর্স স্টেশনে ‘প্রচণ্ড’ নামের এই হেলিকপ্টারের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও এই হেলিকপ্টারে উড়ান দিয়েছিলেন। রাষ্ট্রপতির এই উড়ান শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রতি তাঁর আস্থা ও আত্মনির্ভর ভারতের সামরিক সক্ষমতার এক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।