আজকাল ওয়েবডেস্ক: বিহারে নতুন সরকার গড়ার বছর ঘোরেনি। কিন্তু তার মধ্যেই সে রাজ্যের বিরাট পালাবদলের ইঙ্গিত। যদিও এখনও তা কেবলই জল্পনা, তবে জল্পনা তুঙ্গে জাতীয় রাজনীতিতেও। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নাকি এবার রাজ্য রাজনীতির সীমা ছাড়িয়ে যেতে চলেছেন জাতীয় রাজনীতির দিকে। মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে যেতে পারেন সংসদের উচ্চকক্ষে, রাজ্যসভায়।

সূত্রের খবর তেমনটাই। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতীশ কুমারকে গেরুয়ায় শিবির রাজ্যসভায় মনোনীত করতে পারে। তবে যদি তাই হয়, তাহলে বিহারের কুর্সিতে কে বসবেন? জল্পনা তা নিয়েই। একাংশের মত, বিজেপির লক্ষ্য বিহারের কুর্সি। নীতীশ কুমার কে সামনে রেখে, সরকার গড়েই তাই এই সিদ্ধান্তের বাস্তবায়ন করতে চাইছে পদ্মশিবির। যদিও বিজেপি কিংবা নীতীশের দল, কোনও পক্ষ থেকেই এই প্রসঙ্গে এখনও কোনও বার্তা সামনে আসেনি। যদিও একই সময়ে বিহারের জোর জল্পনা, আরও একটি নাম নিয়ে। নিশান্ত। নীতীশ পুত্র। 

 

জল্পনা, নিশান্ত এবার  সরাসরি বিহারের রাজনীতিতে আসতে চলেছেন সক্রিয়ভাবে। তাঁকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলেও জোর জল্পনা। অন্যদিকে, উপ মুখ্যমন্ত্রী, সম্রাট  চৌধুরীকেও যে গেরুয়া শিবির মুখ্যমন্ত্রীর পদে আনতে পারেন, জোর জল্পনা না নিয়েও। 

 

এই প্রসঙ্গেই উল্লেখ্য, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। বিহারের একটি রাজ্যসভা আসন থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে। 

১৬ মার্চ হবে রাজ্যসভার ভোট। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি রাজ্যসভা নির্বাচনের জন্য নয় জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

বর্তমানে নীতিন বিহারের বিধায়ক। তাঁকে সর্বভারতীয় সভাপতির কুর্সিতে বসিয়েছে গেরুয়া বাহিনী। বিহারের এক বিধায়ককে সর্বভারতীয় রাজনীতিতে এনে চমক দিয়েছেন মোদি-অমিত শাহরা। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। 

উল্লেখ্য, বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডাও বিধায়ক ছিলেন। পরে তাঁকে সর্বভারতীয় সভাপতি করেছিল বিজেপি। এরপর তাঁকে রাজ্যসভায় পাঠানো হয়।

বিহার থেকে বিজেপি নীতিন নবীন ছাড়াও আরও এক আসনে শিবেশ কুমারকে প্রার্থী করেছে। অসমে, বিজেপি তেরাশ গোওয়ালা এবং যোগেন মোহনকে মনোনয়ন দিয়েছে। ছত্তিশগড়ে লক্ষ্মী ভার্মাকে প্রার্থী করা হয়েছে। হরিয়ানা থেকে, সঞ্জয় ভাটিয়াকে নির্বাচিত করেছে গেরুয়া শিবির। ওড়িশায়, বিজেপি সুজিত কুমারের সঙ্গে দলের রাজ্য সভাপতি মনমোহন সামালকে মনোনয়ন দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে, রাহুল সিনহাকে প্রার্থী করেছে বিজেপি।