আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের পরিচয়, সেই থেকে সম্পর্ক। চেয়েছিলেন বিয়ে করতে। কিন্তু প্রেমিক রাজি না হওয়ায় চরম পদক্ষেপ নিলেন তরুণী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
জানা গিয়েছে, ওই তরুণীর বয়স ২১ বছর, নাম মমতা বিশ্বকর্মা। উত্তরপ্রদেশের মহোবা জেলায় বাড়ি যুগলের। বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল দুজনের মধ্যে। প্রেমিকের নাম গোলু তমলাকার। বয়স ২৫ বছর। কয়েকদিন ধরেই বিয়ের জন্য প্রেমিককে বলছিলেন তরুণী। কিন্তু তাতে সেভাবে আমল দিচ্ছিলেন না প্রেমিক।
সোমবার চার নভেম্বর সন্ধ্যায় নানুয়ারা গ্রামের মমতা তাঁর প্রেমিকের বাড়ি মনোহরগঞ্জে চলে যান। বাড়িতে ঢুকে তাঁকে বিয়ের কথা বলতে থাকেন। গোলু তাতে রাজি হননি। দুজনের মধ্যে জোর বাক বিতন্ডা শুরু হয়। এর মধ্যেই হঠাৎ করে বিষ খেয়ে নেন তরুণী।
ঘটনার কথা জানতে পেরে গোলুর পরিবারের লোকেরা তরুণীকে নিয়ে নিকটবর্তী জেলা হাসপাতালে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রেফার হয় ঝাঁসি হাসপাতালে। পথের মধ্যেই মারা যান তরুণী।
শ্রীনগর স্টেশন হাউস অফিসার বা এসএইচও শিবপাল সিং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, দুজনের মধ্যে সম্পর্ক জনিত সমস্যা থেকেই বিষ খেয়েছেন তরুণী। প্রেমিক এবং তাঁর ভাই সহ পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর ভাই। মামলা হয়েছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুব দ্রুত দোষীদের ধরা হবে বলেই জানিয়েছেন তিনি।
















