আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। খাওয়াদাওয়া থেকে শুরু করে নাচগানে মেতেছিলেন নিমন্ত্রিতরা। অন্যদিকে বাড়ির আত্মীয়দের ব্যস্ততাও ছিল তুঙ্গে। সকলের সঙ্গে মেতেছিলেন বর-কনেও। হঠাৎ ঘটল বিপত্তি। ভরা বিয়ের আসর থেকে কনের ব্যাগ চুরি।
ব্যাগটি রাখা ছিল কনের বসার জায়গায়। সোফার পাশেই রাখা ছিল ব্যাগটি। তাতে ছিল একগুচ্ছ সোনার গয়না, নগদ টাকা। লক্ষাধিক টাকার সামগ্রী সহ সেই ব্যাগটিই কনের পাশ থেকে চুরি হয়ে যায়। তাও আবার সবার চোখের সামনে থেকেই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি। জগৎপুরা এলাকার চন্দন ওয়ান ম্যারেজ গার্ডেনে। সেদিন রাতে নিয়ন্ত্রিত ও আত্মীয়দের সঙ্গে মেতেছিলেন বর-কনে। বিয়ের আসরে একটি স্টেজের ওপরে দাঁড়িয়েছিলেন বর-কনে। সেখানেই চুরির ঘটনাটি ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ ওই মঞ্চের ওপর কয়েকজন নিমন্ত্রিত অতিথির সঙ্গে কথা বলছিলেন বর-কনে। তাঁদের সঙ্গে ছবিও তোলেন। আচমকাই পাত্রীর নজরে পড়ে, ব্যাগটি তাঁর পাশ থেকে উধাও। তখনই শুরু হয় খোঁজাখুঁজি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির ফটোগ্রাফারদের তোলা ভিডিও খুঁটিয়ে দেখা হয়। তখনই দেখা যায়, বর-কনে যখন ছবি তোলায় ব্যস্ত ছিলেন, সেই সময় নিমন্ত্রিত সেজে মঞ্চে উঠে পাত্রীর পাশ থেকে নিশ্চুপে ব্যাগটি নিয়ে চলে যায় চোর। লক্ষাধিক টাকার জিনিস সহ ব্যাগটি চুরি করেই কয়েক সেকেন্ডের মধ্যে ব্লেজারের নীচে লুকিয়ে রাখেন ওই যুবক। সঙ্গে সঙ্গে বিয়েবাড়ি ছেড়েও পালিয়ে যান।
ঘটনাটি প্রথমে কারও নজরেই পড়েনি। সেই সময় সকলেই গল্পে মশগুল ছিলেন। অনেকেই ছবি তোলায় ব্যস্ত ছিলেন। পাত্রী জানিয়েছেন, ব্যাগটি সোনার গয়না, নগদ টাকা সহ মোট চার লক্ষ টাকার জিনিস ছিল। বিয়েবাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছিল। কিন্তু কোথাও সেই ব্যাগটি পাওয়া যায়নি।
ইতিমধ্যেই পাত্রের ভাই থানায় এই চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে শনাক্ত করেছে পুলিশ। তাঁকে এখনও গ্রেপ্তার করা হয়নি। চুরির ঘটনায় অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
