আজকাল ওয়েবডেস্কঃ নামী বহুজাতিক সংস্থা জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)-এর তরফে এবার বড় সিদ্ধান্তগ্রহণ। তাদের বিতর্কিত 'বেবি পাউডার'- নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের নিষ্পত্তিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, সংস্থার বিরুদ্ধে মার্কিন আদালতে দায়ের হয়েছিল হাজারের বেশি মামলা। এই বার সেটি আইনি জটিলতা থেকে মুক্ত হতে সংস্থাটি প্রায় ৫.৫ বিলিয়ন ডলার খেসারত দিতে সম্মত হয়েছে। এ নিয়ে আদালতের বাইরে সমঝোতা প্রস্তাব পেশ করা হয়েছে সংস্থার তরফে।
আমেরিকা বিভিন্ন রাজ্য ও যুক্তরাষ্ট্রীয় আদালতে জনসন অ্যান্ড সন্সের বিরুদ্ধে বিচারাধীন প্রায় ৭৬,০০০ মামলা। সংস্থার বিক্রিত সামগ্রীর কারণে ভুক্তভোগীদের এই প্রস্তাবিত অর্থ তুলে দেওয়া হবে। তবে এই সমঝোতা চুক্তিটি কার্যকর হতে অন্তত ৯৫ শতাংশ মামলাকারীর সম্মতি বা অনুমোদন জরুরি।
দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলছে এই মামলাগুলি। অভিযোগকারীদের দাবি, জনসন অ্যান্ড জনসনের ট্যালকম বেবি পাউডার দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেকেই ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, পাউডারে ক্যানসার সৃষ্টিকারী 'অ্যাসবেস্টস'-এর মতো ক্ষতিকারক উপাদান মিশে রয়েছে বলেও অভিযোগ তাঁদের।
যদিও সংস্থার তরফে সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে তাদের সমস্ত পণ্যদ্রব্য সম্পূর্ণ নিরাপদ। এই ক্ষতিপূরণ তাদের সংস্থার দোষ স্বীকার করে নয়। বরং দীর্ঘদিনের ব্যয়বহুল আইনি ঝামেলা ও অনিশ্চয়তা থেকে মুক্তি পেতেই এই সমঝোতার পথ বেছে নেওয়া হয়েছে।
যদিও এর আগে সংস্থাটি 'টেক্সাস টু-স্টেপ' কৌশলে একটি সহযোগী সংস্থাকে দেউলিয়া ঘোষণা করে। এই কারণ দেখিয়ে তারা মামলা এড়ানোর চেষ্টা করলেও আদালত তা খারিজ করে দেয়।
নতুন প্রস্তাব অনুযায়ী, সংস্থাটি ২০২৭ সালে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালের মধ্যে বাকি অর্থ পরিশোধ করবে। মামলাকারীদের যোগদানের উপর নির্ভর করে এই অঙ্ক ৭ বিলিয়ন ডলারও ছাড়াতে পারে বলে অনুমান।
















