আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, পরকিয়া সম্পর্কের জেরে এক বধূ ও তাঁর ছয় মাসের সন্তানকে পুড়িয়ে মারল তাঁরই স্বামীর প্রেমিকা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার সঙ্গে ওই ব্যক্তির আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর থেকে ওই ব্যক্তি তাঁকে এড়িয়ে চলছিলেন বলে অভিযোগ। সেই ক্ষোভ থেকেই শনিবার দুপুরে প্রেমিকের বাড়িতে চড়াও হয় অভিযুক্ত ওই মহিলা। সঙ্গে ছিল পেট্রোল ভর্তি বোতল, লঙ্কার গুঁড়ো ও ধারালো অস্ত্র।
অভিযোগ, বছর আটাশের ওই গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। জানা গিয়েছে, আগুনের তাপে চলে আসে কোলের শিশুটিও। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। পরে শিশুটির মৃত্যু হয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মহিলা বিধবা। ঘটনার সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। তবে এই ঘটনায় তাঁর কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, ঝাড়খণ্ডের পালামৌতে ‘ডাইনি’ সন্দেহে একই পরিবারের তিনজনকে পরপর কুপিয়ে খুন করা হল৷ এই ঘটনায় সম্প্রতি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতরা হলেন বিজয় ভুঁইয়া (৪৫), তাঁর স্ত্রী কালিয়া দেবী (৪০) এবং তাঁদের ১৮ বছরের ছেলে ছোটু ভুঁইয়া। ঘটনার জেরে আহত ওই দম্পতির নাবালিকা মেয়েও। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সকালে বাড়ি থেকেই তাঁদের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। লেসলিগঞ্জের এসডিপিও মনোজ কুমার ঝা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কুসংস্কারের জেরেই এই খুন। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মেদিনী রায় মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
স্রেফ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এমন নৃসংসতা এই প্রথম নয়। গত বছর বিহারেও এক পরিবারের পাঁচজনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল। ওড়িশাতেও ডাইনি অপবাদে বাবা ও ছেলেকে খুনের ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ঝাড়খণ্ডের এই ঘটনায় উত্তপ্ত চারিদিক।
