আজকাল ওয়েবডেস্ক: সার কেনার লাইনে দাঁড়িয়েই মর্মান্তিক পরিণতি হলো এক কৃষকের। সোমবার মধ্যপ্রদেশের টিকমগড় জেলার বাডোরা গ্রামে ঘটনাটি ঘটেছে। ৫২ বছর বয়সী এক কৃষক হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এর পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম যমুনা কুশওয়াহা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বাডোরা গ্রামের একটি গুদামের সামনে। মৃতের ছোট ভাই ছক্কি কুশওয়াহা জানিয়েছেন, "আমার দাদা গত দু'দিন ধরে আমাদের গ্রাম বাজরুয়া থেকে কেবল দু'ব্যাগ ইউরিয়া সারের জন্য বারবার আসছিলেন। এটি গুদাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে।" 

তিনি আরও বলেন, "লাইনে দাঁড়িয়ে যখন নিজের পালার জন্য অপেক্ষা করছিলেন, তখনই আচমকা বমি শুরু হয়। তারপর মাথা ঘুরে পড়ে যান।" ঘটনাস্থলেই ছিলেন স্থানীয় তহসিলদার সত্যেন্দ্র গুর্জর। তিনিই অসুস্থ কৃষককে নিজের গাড়িতে করে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

দেহাট থানার হাউস অফিসার চন্দ্রজিত যাদব ডাক্তার দীপক ওঝার প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত করেছেন যে যমুনা কুশওয়াহার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এ বিষয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য গত কয়েক দিন ধরে টিকমগড় জেলার কৃষকরা ইউরিয়া সারের অভাব নিয়ে তীব্র প্রতিবাদ দেখাচ্ছেন। জানা গিয়েছে, সারের এই আকালের মধ্যেই গত সপ্তাহে জাতারা শহরে কিছু কৃষক একটি সার বিতরণ কেন্দ্রের চত্বরে রাখা ট্রাক থেকে প্রায় ৩০ থেকে ৪০ ব্যাগ ইউরিয়া লুট করে নেয়।
সারের জোগান না পাওয়ার প্রতিবাদে সোমবারও বালদেওগড় এবং খারগাপুর এলাকার চাষিরা টিকমগড়-ছত্তরপুর রাস্তা প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয় বলে প্রশাসনিক কর্তারা জানিয়েছেন।