আজকাল ওয়েবডেস্ক: লাইভে এসে যৌন সঙ্গমের ভিডিও করতেন দম্পতি। হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগর থেকে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ উঠেছে, তারা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের যৌন সঙ্গমের ভিডিও লাইভস্ট্রিম করতেন এবং সেই ভিডিও বিক্রি করতেন টাকার বিনিময়ে। বৃহস্পতিবার ইস্ট জোন টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক হাই-ডেফিনিশন ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম। তদন্তের পর পুলিশ জানায়, আর্থিক অনটনে পড়েই এমন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিলেন ওই দম্পতি।

জানা গিয়েছে, অটো চালিয়ে টাকা রোজগার করতেন ওই ব্যক্তি। কিন্তু ইদানিং শরীর ভাল না থাকায় অটো চালানো বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। সম্প্রতি, দু’জনেই অসুস্থ ছিলেন এবং সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। তাদের দুই কন্যা, একজন বি.টেকের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং অন্যজন ইন্টারমিডিয়েটে ৪৭০-এর মধ্যে ৪৬৮ নম্বর পেয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কলেজের ফি দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাদের। এই পরিস্থিতিতে তারা অনলাইন পর্নোগ্রাফি তৈরির মাধ্যমে অর্থ উপার্জনের পথ খুঁজে পান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা প্রতি লাইভ ভিডিওর জন্য ২০০০ টাকা এবং রেকর্ড করা ভিডিওর জন্য ৫০০ টাকা করে নিতেন।

মুখে মাস্ক পরে নিজেদের পরিচয় গোপন করে ক্যামেরার সামনে সঙ্গমে লিপ্ত হতেন ওই দম্পতি। মূলত, যুব সম্প্রদায়ের কাছেই বিক্রি হত ওই ভিডিও। জানা গিয়েছে, অটো চালিয়ে যা আয় হত ভিডিও বানিয়ে তার চেয়ে অনেক বেশি অর্থ রোজগার করতেন ওই দম্পতি। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এমনকি, যারা টাকা দিয়ে ভিডিও কিনেছিলেন তাদের কাছেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে।