আজকাল ওয়েবডেস্ক: বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরেই স্বামীকে খুনের পরিকল্পনা। বিয়ের চারদিন পর উদ্ধার সদ্য বিবাহিত যুবকের নিথর দেহ। তাঁর মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পারল, তাঁর স্ত্রীই পরিকল্পনামাফিক খুন করিয়েছেন। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে। চলতি সপ্তাহে পায়েল ও ভাভিক বিবাহবন্ধনে আবদ্ধ হন। শনিবার পায়েলকে বাড়ি থেকে আনতে যাচ্ছিলেন ভাভিক। দীর্ঘক্ষণ তিনি বাড়িতে না আসায়, ভাভিকের বাড়িতে খবর দেন পায়েলের বাবা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ভাভিকের স্কুটার দেখতে পাওয়া যায়। স্থানীয়দের থেকে জানা যায়, যুবককে স্কুটার থেকে ধাক্কা দিয়ে ফেলে, তিনজন অপহরণ করে নিয়ে গেছে।
পুলিশ তদন্তে নেমে কিছুক্ষণেই ভাভিকের দেহটি উদ্ধার করে। এরপর পায়েলকে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জেরায় ভেঙে পড়েন পায়েল। তখনই স্বীকার করেন, ভাভিককে খুনের পরিকল্পনা তিনি করেছিলেন। ভাভিককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত তাঁর পিসতুতো ভাই এবং আরও দু'জন।
পুলিশকে পায়েল আরও জানিয়েছেন, বিয়ের আগে তাঁর একটি প্রেমের সম্পর্ক ছিল। পিসতুতো ভাইকে ভালবাসতেন তিনি। কিন্তু পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। শেষমেশ ভাভিকের সঙ্গে বিয়ে দেন। ভাভিককে খুন করে পিসতুতো ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই জন্যেই অপহরণ করে খুনের পরিকল্পনা করেন। ভাভিককে খুন করে তাঁর পিসতুতো ভাই। পুলিশ এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে। নৃশংস ঘটনার তদন্ত জারি রয়েছে।
















