আজকাল ওয়েবডেস্ক: পূর্ব গোদাবরী জেলায় 'দুষিত' দুধ খেয়ে প্রাণ হারালেন চার জন। অভিযোগ, এক বেআইনি দুধ বিক্রেতার থেকে কেনা দুধ খেয়েই এই বিপত্তি। সোমবার পুলিশের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর খবর জানানো হয়েছে। খবর জানাজানি হতেই শোরগোল৷
পুলিশ সূত্রে খবর, রবিবার দু’জনের মৃত্যু হয়েছিল। সোমবার মারা গিয়েছেন আরও দু’জন। রাজমহেন্দ্রম উত্তর জোনের ডিএসপি ওয়াই শ্রীকান্ত জানিয়েছেন, শহরের এক বেআইনি বিক্রেতার থেকে দুধ কিনে গত দু’দিনে চার জনের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ওই বিষাক্ত দুধ খাওয়ার ফলে মৃতদের কিডনি বিকল হয়ে গিয়েছিল। শরীরে প্রস্রাব তৈরি বন্ধ হয়ে যাওয়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হয় এবং তাঁদের মৃত্যু ঘটে। জানা গিয়েছে, ওই নির্দিষ্ট বিক্রেতা প্রায় ৪০টি গবাদি পশু এবং স্থানীয় চাষিদের থেকে দুধ সংগ্রহ করে বাড়ি বাড়ি পৌঁছে দিতেন।
খবর পেয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনার জেরে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠিয়েছেন। এলাকায় এলাকায় চলছে বিশেষ স্বাস্থ্য শিবির ও নজরদারি।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার তিনি আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, মোট ১০৬টি পরিবার ওই বিক্রেতার থেকে দুধ নিত। ইতিমধ্যেই ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অসুস্থদের চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে এবং অভিযুক্ত বিক্রেতার বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়।
