আজকাল ওয়েবডেস্ক: জম্মুর বিয়ের অনুষ্ঠান। অতিথিদের মধ্যে হাজির জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। বিবাহ বাসরের আনন্দের মুহূর্তে পরিণত হল আতঙ্কে। ফারুখ আবদুল্লাহকে লক্ষ্য করে ওই বিয়ের অনুষ্ঠানেই চলে গুলি।
ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করেছেন খোদ ওমর আবদুল্লাহ। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী। সেই সময় যাঁরা ফারুকের সঙ্গে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন পুত্র ওমর। ফারুক আবদুল্লার সঙ্গেই ওই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। ঘটনায় ফের উত্তাল জম্মু ও কাশ্মীর।
কখন, কোথায় চলল গুলি?
তথ্য, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক এলাকায় ওই বিয়েবাড়ি ছিল। সেখানেই রাত দশটার কিছু পরে এক ব্যক্তি আচমকা গুলি চালানোর চেষ্টা করেন। ছড়িয়ে পড়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন যাচ্ছিলেন, আচমকা এক ব্যক্তি লুটিয়ে পড়েন।
তথ্য, অল্পের জন্য গুলি লাগেনি ফারুখ আবদুল্লাহর। কমল সিং জামওয়াল নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন ঘটনায়, তথ্য তেমনটাই।
ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ জম্মু ও কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি লিখেছেন, 'আমার বাবার খুব অল্পের জন্য বেঁচে গিয়েছেন। এই মুহূর্তে বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে যা জানা ঙ্গিয়েছে, তা হল, লোডেড পিস্তলধারী একজন ব্যক্তি খুব কাছ থেকে গুলি ছুঁড়তে সক্ষম হয়েছিল। কেবল ক্লোজ প্রোটেকশন টিমই গুলিটি আটকায় এবং হত্যার চেষ্টা ব্যর্থ হয়।' তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন Z+ NSG সুরক্ষিত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে এক ব্যক্তি বন্দুক নিয়ে পৌঁছে যেতে পেরেছেন, তা নিয়ে।
যদিও এখনও জানা যায়নি, আচমকা রাজনৈতিক নেতাদের উপর হামলার কারণ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, সুস্থ রয়েছেন ফারুখ আবদুল্লা হ। সামান্য আহত সুরিন্দর চৌধুরী।
