আজকাল ওয়েবডেস্ক: দেশের সংসদ ভবন। দেশের সাংসদরা সেখানে। অথচ সেখানেই নিরাপত্তা নিয়ে উঠে গেল বড় প্রশ্ন। দিনও সেই ১৩ ডিসেম্বর। বুধবার দুপুরে লোকসভায় তখন শীতকালীন অধিবেশনে চলছে, তার মাঝেই আচমকা সংসদে ঢুকে পড়ে দুজন। রং বোমা ছোড়া হয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনায় এক লহমায় ফিরে এসেছে ২০০১ সালের ১৩ ডিসেম্বরের সংসদ হামলার স্মৃতি। বুধবারের দুই হামলাকারী দর্শকদের আসনে বসেছিল। গ্যালারি থেকে আচমকা তারা মুখে স্লোগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে, এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে গ্যাসের ক্যান ছড়িয়ে দেয়। সূত্রের খবর, সংসদের ভেতরে ঘটনার পুনরাবৃত্তি দেখা গিয়েছে পরিবহন ভবনের সামনে। দুই পৃথক ঘটনায় অভিযুক্ত ৪ জন। এই ঘটনার পর, সংসদে দর্শনার্থীদের প্রবেশ নিয়েও প্রশ্ন উঠছে বড়সড়। জানা গিয়েছে সংসদের ধুন্ধুমার পরিস্থিতিস্থল থেকে বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের অফিস থেকে দেওয়া অনুমোদন পত্র উদ্ধার হয়েছে। ঘটনা প্রসঙ্গে লোকসভার স্পিকার জানিয়েছেন, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে, অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে থাকা সমস্তকিছু বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। সূত্রের খবর, দর্শকদের প্রবেশ নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মুহূর্তে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ।
Lok Sabha: সংসদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন, কী সিদ্ধান্ত দর্শকদের প্রবেশ নিয়ে?
















