আজকাল ওয়েবডেস্ক: অ্যাপ ক্যাব না বিলাসবহুল আরামকক্ষ, তা বোঝা দায়। ক্যাবের মধ্যেই রয়েছে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী থেকে পছন্দের খাবার। এমনকী যাত্রীদের জন্য রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এই ক্যাবে একবার চড়লে, সারাজীবনের মতো দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন যাত্রীরা। সেই জন্যেই এত ব্যবস্থা করেছেন চালক। কোথায় ওই ক্যাব চলে? 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির রাস্তায় এই অ্যাপ ক্যাবের দেখা পাওয়া গিয়েছে। ৪৮ বছর বয়সি আবদুল নামের এক চালক গত কয়েকবছর ধরেই যাত্রীদের এই পরিষেবা দিচ্ছেন। এখনও পর্যন্ত হাতেগোনা কয়েকবার ট্রিপ ক্যানসেল করেছেন। দিল্লিতে আবদুল রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবদুলের ক্যাবের ছবি ঘিরে জোর চর্চা। এক যাত্রী ক্যাবের ভিতরের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। জানা গিয়েছে, ক্যাবের মধ্যে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কুট, চকলেট সবধরনের খাবার রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ, ছাতা, পারফিউম, সেফটি পিন, জুতো পালিশ করার ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। 

জানা গিয়েছে, ক্যাবের সবকিছুই বিনামূল্যে যাত্রীরা ব্যবহার করতে পারেন। বাড়তি কোনও খরচ দিতে হয় না তাঁদের। নেটিজেনদের মতামত, ইদানিং বিমানেও এমন পরিষেবা পাওয়া যায় না। সাধারণ অ্যাপ ক্যাবের এই পরিষেবা দেখে, চালকের ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।