আজকাল ওয়েবডেস্ক: চোরের নজর এখন রান্নার গ্যাসের সিলিন্ডারেও! মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক মহিলার তালাবন্ধ ঘরে ঢুকে গয়না ও নগদ টাকার পাশাপাশি সিলিন্ডারও কাঁধে নিয়ে পালাল চোর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই চুরির দৃশ্য। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ পুলিশের।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিবপুরীর কৃষ্ণপুরম কলোনির বাসিন্দা নীতু রাজাবত সোমবার বাপের বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার ফিরে এসে দেখেন ঘরের শ্রী একেবারে বদলে গিয়েছে। সদর দরজার তালা ভাঙা, আলমারি লন্ডভন্ড। সোনা ও রুপোর গয়না, নগদ টাকা এবং জরুরি নথিপত্র তো বটেই, এমনকী রান্নাঘর থেকে ভরা গ্যাস সিলিন্ডারটিও তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি দিব্যি কাঁধে করে একটি বড় সিলিন্ডার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, সিসিটিভি দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। খুব শীঘ্রই তাকে পাকড়াও করা হবে।

প্রসঙ্গত, চুরির উপদ্রব শুধু শিবপুরীতেই নয়,খোদ ভোপালের লালঘাটি এলাকাতেও। জানা গিয়েছে, এক আইনজীবীর বাড়ির পার্কিং থেকে তিনটি বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী চারটি খালি সিলিন্ডার নিয়ে চম্পট দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রদেশে এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ৭৬ লক্ষ। বাজারে জোগানে ঘাটতির আশঙ্কায় মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব এবং সরবরাহ মন্ত্রী গোবিন্দ সিং রাজপুত রোজ পরিস্থিতির ওপর নজর রাখছেন। সাধারণ মানুষের সুবিধার্থে তেল সংস্থাগুলি আরও ১.২ লক্ষ বাড়তি সিলিন্ডার বাজারে ছেড়েছে।

কালোবাজারি রুখতে রাজ্যজুড়ে ১,১১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে প্রশাসন। এখনও পর্যন্ত ১,৮২৫টি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে এবং বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের হয়েছে। জ্বালানি বণ্টন ও সরবরাহ স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্যের বিশেষ কমিটি।