আজকাল ওয়েবডেস্ক: ওমানের উপকূলে ২৪ জন ভারতীয় নাবিক-সহ একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে ভারত বুধবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’-কে তলব করেছে।

‘সেত্তেবেলো’ নামক ট্যাঙ্কারটিতে হামলার পর ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব (আমেরিকা বিষয়ক) নাগারাজ নাইডু মার্কিন যুক্তরাষ্ট্রের 'চার্জ ডি অ্যাফেয়ার্স' জেসন মিকসকে তলব করেন।

ভারতীয় জাহাজটিতে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সমুদ্রে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাতেই নয়াদিল্লি এই পদক্ষেপ করেছে।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, জাহাজের ২১ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাবিকদের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জারি রেখেছেন ভারতীয় আধিকারিকরা।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এবং বাণিজ্যিক নৌ-চলাচলের পথ সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বিদেশ মন্ত্রক সব পক্ষকে পরিস্থিতি আর যাতে জটিল না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ নৌ-চলাচল ব্যবস্থা পুনরুদ্ধারের তাগিদেক কথা তুলে ধরেছে। অসামরিক জাহাজে হামলার ঘটনা বিশ্বব্যাপী সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্যের জন্য অত্যন্ত ঝুঁকির, একথা জানিয়েও সতর্ক করা হয়েছে।