আজকাল ওয়েবডেস্ক: সিবিএসই বোর্ড পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ করল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্টেশনগুলিতে নিরাপত্তা তল্লাশি এবং টিকিট কাউন্টারে পড়ুয়ারা বিশেষ অগ্রাধিকার পাবেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে এবারের সিবিএসই পরীক্ষা। ফি বছরই এই সময় লক্ষ লক্ষ পরীক্ষার্থী যাতায়াতের জন্য মেট্রোর ওপর ভরসা করেন। তাঁদের ভোগান্তি কমাতে এবং সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর সঙ্গে হাত মিলিয়ে বিশেষ বন্দোবস্ত করেছে মেট্রো কর্তৃপক্ষ।

ডিএমআরসি জানিয়েছে, স্টেশনে ঢোকার মুখে নিরাপত্তা পরীক্ষার লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না পরীক্ষার্থীদের। সিবিএসই-র অ্যাডমিট কার্ড দেখালেই মিলবে বিশেষ ছাড়। শুধু তাই নয়, মেট্রোর টিকিট কাউন্টার এবং কাস্টমার কেয়ার সেন্টারেও অগ্রাধিকার পাবেন পরীক্ষার্থীরা। লক্ষ্য একটাই- যানজট এড়িয়ে নির্বিঘ্নে যেন পরীক্ষা দিতে যেতে পারে পড়ুয়ারা।