আজকাল ওয়েবডেস্ক: দেশজুড়ে অনলাইন শপিংয়ের অভ্যাস কীভাবে বদলাচ্ছে, তার এক রঙিন ছবি তুলে ধরল Swiggy Instamart-এর ২০২৫ সালের বর্ষশেষ রিপোর্ট। দৈনন্দিন মুদি সামগ্রী থেকে শুরু করে আইফোন, পেট সাপ্লাই—এমনকি কন্ডোম কেনাকাটাও এবার আলোচনার কেন্দ্রে।
রিপোর্টের সবচেয়ে আলোচিত তথ্য—চেন্নাইয়ের এক ব্যবহারকারী গোটা বছরে শুধুমাত্র কন্ডোম কেনাতেই খরচ করেছেন ১,০৬,৩৯৮ টাকা। তিনি মোট ২২৮ বার আলাদা অর্ডার দিয়েছেন, অর্থাৎ মাসে গড়ে প্রায় ১৯টি অর্ডার। রিপোর্টে রসিকতার সুরে বলা হয়েছে, এটি নাকি “planning ahead”-এর এক হালকা মেজাজের উদাহরণ।
শুধু ওই একজন নন, কন্ডোম ছিল প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় পণ্য। প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে অন্তত একটিতে কনডম ছিল। সেপ্টেম্বর মাসে কনডম বিক্রি ২৪% বৃদ্ধি পায়, যা বছরটির সর্বোচ্চ।
&t=787sমুম্বইয়ের এক গ্রাহক বছরে ১৬.৩ লক্ষ খরচ করেছেন শুধু Red Bull Sugar Free-এ। অন্যদিকে চেন্নাইয়ের এক ব্যবহারকারী ২.৪১ লক্ষ ব্যয় করেছেন শুধুমাত্র পোষ্য প্রাণীর সামগ্রী কিনতে। নয়ডার এক ব্যবহারকারী একসঙ্গে ২.৬৯ লক্ষ খরচ করেছেন ব্লুটুথ স্পিকার, SSD এবং রোবোটিক ভ্যাকুয়াম কেনায়। আর হায়দরাবাদের এক ক্রেতা এক ক্লিকেই ৪.৩ লক্ষ ব্যয় করেছেন তিনটি iPhone 17 কিনে।
ডেলিভারি পার্টনারদের টিপ দেওয়ার ক্ষেত্রেও নজির গড়েছে বেঙ্গালুরু। এক ব্যবহারকারী বছরে ৬৮,৬০০ টিপ দিয়েছেন। চেন্নাই রয়েছে দ্বিতীয় স্থানে—৫৯,৫০৫ টিপ দিয়ে। রিপোর্টে বলা হয়েছে, “বেঙ্গালুরু শুধু ভারতের টেক ক্যাপিটাল নয়, এটি টিপিং ক্যাপিটালও।”
ভ্যালেন্টাইনস ডে-তে প্রতি মিনিটে ৬৬৬টি গোলাপ অর্ডার হয়েছে—এমন তথ্যও উঠে এসেছে রিপোর্টে। এছাড়া রাখি বন্ধন, ফ্রেন্ডশিপ ডে এবং ভ্যালেন্টাইনস ডে ছিল সবচেয়ে বেশি ‘গিফটেবল’ দিন। Instamart-এর “Giftables” ফিচার এই দিনগুলিতে ব্যাপক সাড়া পেয়েছে।
সব মিলিয়ে, রিপোর্টটি দেখাচ্ছে ভারতের ডিজিটাল কেনাকাটার ধরন কত দ্রুত বদলাচ্ছে। মুদি সামগ্রী থেকে বিলাসবহুল গ্যাজেট—সবই এখন কয়েক মিনিটের মধ্যে বাড়ির দরজায়। দ্রুত ডেলিভারির এই যুগে, ক্রেতার পছন্দ-অপছন্দ এবং ব্যয়ের ধরন যেন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি বৈচিত্র্যময়।
