আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পাঞ্জাবের ভাতিন্ডার এই ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জাসি কৌর। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতেই পথের কাঁটা সরাতে নিজের সন্তানদের সরিয়ে দেওয়ার ছক কষেছিলেন ওই মহিলা।
গত ১৫ দিনের ব্যবধানে দুই শিশুর রহস্যমৃত্যুতে সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের মনে। জানা গিয়েছে, দিন পনেরো আগে হঠাৎই মারা যায় জাসির আট বছরের মেয়ে সুখপ্রীত কৌর। সেই শোক কাটতে না কাটতেই গত শুক্রবার রাতে মৃত্যু হয় জাসির ছয় বছরের ছেলে ফতেবীরের। পরপর দুই শিশুর মৃত্যুতে ফুল থানার দ্বারস্থ হন গ্রামবাসীরা। তাঁদের দাবি ছিল, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।
তদন্তে নেমে জাসি কৌরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ভেঙে পড়েন তিনি। পুলিশ আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন, জেরায় নিজের অপরাধ কবুল করেছেন জাসি। তিনি স্বীকার করেছেন, খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দুই সন্তানকে খাইয়েছিলেন তিনি।
তদন্তকারীদের দাবি, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে একটি গভীর ষড়যন্ত্র ছিল। জাসির এই পরিকল্পনায় সামিল ছিলেন তাঁর বোন মোটো কৌর এবং লখি সিং নামে আরও এক ব্যক্তি। পুলিশের বক্তব্য, "প্রথমে আট বছরের সুখপ্রীতকে মারা হয়। এরপর শুক্রবার একই কায়দায় খুন করা হয় ফতেবীরকে। জাসি কৌর ও তাঁর বোন মোটো কৌরকে পুলিশ গ্রেপ্তার করেছে।" এই ঘটনায় লখি সিংয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মদ্যপ স্বামীর বিরুদ্ধে। দিল্লির সুলতানপুরীতে ঘটেছে। শনিবার দুপুরে সুলতানপুরীর পি-ব্লকের একটি বাড়ি থেকে বছর পঁচিশের ওই মহিলার নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল।
পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ এলাকায় ঝামেলার খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছান পুলিশকর্মীরা। সেখানে বিছানায় ওই মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একই ঘরে উপস্থিত ছিলেন তাঁর ৩৯ বছর বয়সী স্বামী অনিল। পুলিশের দাবি, সে সময় অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার দুই নাবালক সন্তান পুলিশের কাছে স্পষ্ট জানিয়েছে যে, তাদের বাবাই এই কাজ করেছে। ১০ ও ১৩ বছরের দুই কিশোরের অভিযোগ, সামান্য বচসার জেরে তাদের মাকে খুন করেছেন পেশায় গাড়িচালক অনিল। ছেলেদের বয়ানের ওপর ভিত্তি করেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
















