আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ‘ফিউজ বাল্বের’ সঙ্গে তুলনা করলেন বিজেপির প্রবীণ নেতা সুশীল কুমার মোদি। যদি নীতিশের ক্ষমতা থাকে তবে বারানসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়ে দেখাক, চ্যালেঞ্জ করলেন সুশীল কুমার মোদি। তিনি আরও বলেন, মধ্যপ্রদেশে নিজেদের প্রার্থীদের জেতাতে পারেননি নীতিশ কুমার। তাঁদের ক্ষমতা নিজেদের রাজ্যেই সীমাবদ্ধ। কেজরিওয়াল এসেছিলেন লড়াই করতে, কিন্তু তিনি পালিয়েছেন, দাবি সুশীল কুমার মোদির। বিহারের রাজনীতিতে নীতিশের কোনও ভূমিকা নেই বলেও এদিন বলেন সুশীল কুমার মোদি। যদিও বিজেপির এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে নীতিশের দল। তারা জানিয়েছে, বিজেপি ক্ষমতার মোহে সকলকেই অপমান করছে। কিন্তু যার বিরুদ্ধে সুশীল কুমার মোদি কথা বলছেন তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপির নীতিবোধের অভাব রয়েছে। তাই তারা এই ধরনের মন্তব্য করেছে। তবে লোকসভা নির্বাচনে বিজেপি এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে।