আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখেই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হল। বুধবার দুপুরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশ করেছে দশম শ্রেণির প্রথম পর্বের ফলাফল। সিবিএসই-র ওয়েবসাইটে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে। 


প্রসঙ্গত, সিবিএসই সূত্রে খবর, চলতি বছরে পরীক্ষার্থী ছিল মোট ২৫ লক্ষ। ভারত এবং বিদেশের সব কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষায় পাশের হার ৯৩.৭০ শতাংশ। 


 চলতি বছরে ফলাফলের নিরিখে ছাত্রদের টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবছর ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছর পাশের হার ০.০৪ শতাংশ বেড়েছে। পরীক্ষার খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক। 


কীভাবে দেখবেন ফলাফলের তালিকা? 
সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল দেখা যাবে অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.nic.in। এর পাশাপাশি উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা।


 প্রসঙ্গত, চলতি বছরে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। যা চলেছিল ১১ মার্চ পর্যন্ত। চলতি বছরে ফলপ্রকাশে খানিকটা বদল ঘটেছে। এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পড়ুয়ার নামও প্রকাশ করা হয়নি। 

 


সিবিএসই-র তরফে জানানো হয়েছে, আগামী মে মাসে ফের দ্বিতীয় দফার পরীক্ষার রয়েছে। চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের পর।