আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত রাজনীতিতেই যোগ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ সভাপতি নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। জেডিইউর সদস্য হওয়ার পরই, নিশান্ত দলীয় নেতাদের বলেছেন, "আমি একজন সক্রিয় সদস্য হিসেবে দলের দেখাশোনা করার চেষ্টা করব। আমার বাবা রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমি তা মেনে নিচ্ছি। আমরা তাঁর নির্দেশ অনুযায়ীকাজ করব। আমি দল এবং জনগণের আস্থা অর্জন করার এবং সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব।"
পঁচাত্তর বছর বয়সী নীতীশ কুমার বিহারে বিগত দু'দশক ধরে মুখ্যমন্ত্রীর কুর্সিতে। রাজ্যের উন্নয়নে নানা উন্নয়নমূলক পদক্ষেপের করেছেন। ফলে তিনি "সুশাসন বাবু" (অর্থাৎ সুশাসনের মানুষ) উপাধি পেয়েছিলেন। এবার বার বার জোটসঙ্গী বদলানোর জেরে 'পলটু রাম' বলেও তাঁকে কটাক্ষ করা হয়। খুরধার রাজনীতিক নীতীশ আগামী রাজ্যসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। শীঘ্রই তাঁর মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশান্ত কুমার কয়েক দশক ধরে মুখ্যমন্ত্রীর ছেলে হওয়া সত্ত্বেও আলোচনার আড়ালে ছিলেন। এটা নীতিশ কুমারের বংশগত রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে, দীর্ঘ আলোচমনার পর নীতীশ কুমার তাঁর ছেলেকে রাজনীতিতে যোগদানের অনুমতি দিয়েছিলেন বলে জানা যায়। জেডিইউ-এর সিনিয়র নেতারা নিশান্তের রাজনীতিতে প্রবেশকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে- এটা জেডিইউ কর্মীদের ইচ্ছার প্রতিফলন।
সূত্রে খবর, নিশান্ত কুমারকে বিহারের বিজেপি-জেডিইউ সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হতে পারে।
রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে নীতীশ কুমার বলেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সংসদের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভার উভয় কক্ষের সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করছিলেন। তিনি ইতিমধ্যেই লোকসভার সাংসদ, বিধায়ক এবং এমএলসি ছিলেন এবং রাজ্যসভার মেয়াদ শেষ হলে এই চার কক্ষ সম্পূর্ণ হবে। এই পরিবর্তন তাঁকে বিহারের রাজনৈতিক দৃশ্যপটের উজ্জ্বল নেতা লালু যাদব এবং প্রয়াত সুশীল মোদী এবং জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের সময় নীতীশ কুমারের সহকর্মীদের মতো বিরল রেকর্ড অর্জনে সহায়তা করবে।
প্রধান বিরোধী দল আরজেডি বিজেপিকে বিহারে "রাজনৈতিক অপহরণ" করার অভিযোগ করেছে এবং বলেছে যে জনতা দল (ইউনাইটেড)-এর মূল ভোটাররা এখন প্রতারিত বোধ করছেন। আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা বলেছেন যে, দলের নেতা তেজস্বী যাদব গত বছর বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বারবার বলেছিলেন যে নীতীশ কুমার একজন "অস্থায়ী মুখ্যমন্ত্রী" হবেন। ঝা বলেন, "২১ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা একজন ব্যক্তি এখন রাজ্যসভায় যেতে চলেছেন। এটা শিশুসুলভ। অন্তত, একটা ভাল যুক্তি তৈরি করুন।"
আরজেডি সাংসদ, নীতীশ কুমার এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর মধ্যে তুলনা করেছেন। স্বস্ত্রীক মাদুরো-কে মার্কিন বাহিনী ধরে নিয়ে গিয়েছিল এবং জানুয়ারিতে মাদক পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মনোজ ঝা-য়ের কথায়, "এখানে যা ঘটেছে তা ভেনেজুয়েলায় মাদুরোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অনুরূপ, সম্মতিতে অপহরণ। তাঁর (কুমার) মূল ভোটাররা প্রতারিত বোধ করছেন।" তিনি জোর দিয়ে বলেন যে এটা বিহারবাসী কেউ-ই ভালভাবে মনে মানতে পারবে না।
ঝা বলেন, ২০২৪ সালের মহারাষ্ট্র নির্বাচনে এনডিএ জয়ের পর বিজেপি মহারাষ্ট্রে শিবসেনা প্রধান একনাথ শিন্ডেকে "পদচ্যুত" করে তাকে উপ-মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। তিনি বলেন, "বিজেপি জানত বিহার মহারাষ্ট্র নয় এবং নীতিশ কুমারকে পদচ্যুত করতে পারবে না। তাই তারা মডেলটি পরিবর্তন করেছে। তারা নীতিশকে দেশী মাদুরো বানিয়েছে।"
